ঢাকায় আসছেন জয়শঙ্কর, যা থাকছে আলোচনায়

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত করতে আগামী ৪ মার্চ ঢাকায় আসছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করে গণমাধ্যমকে বলেছেন, আগামী ৪ মার্চ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সঙ্গে জয়শঙ্করের দ্বিপক্ষীয় বৈঠকের তারিখ ঠিক করার জন্য ঢাকা-দিল্লি আলোচনা চলছে।
আগামী ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে যোগ দিতে ঢাকা সফরের কথা রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। পরদিন ২৭ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন মোদী।
দুই প্রধানমন্ত্রীর বৈঠকে জ্বালানি, যোগাযোগসহ বেশ কয়েকটি বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর হতে পারে। তবে কোন কোন বিষয়ে দ্বিপাক্ষিক আলোচনা হবে, সেটি চূড়ান্ত করতেই ঢাকায় আসছেন জয়শঙ্কর।
গেল বছরের ১৭ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভার্চুয়াল বৈঠকে যুক্ত হন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রায় দেড় ঘণ্টাব্যাপী চলে এ দ্বিপক্ষীয় বৈঠক।
এরপর গত ২৮ থেকে ৩১ জানুয়ারি দিল্লি সফর করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ওই সময়ই মোদীকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সফরের আমন্ত্রণপত্র দেয়া হয়।
জয়শঙ্করের ঢাকা সফরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক ছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তিনি সাক্ষাত করতে পারেন।



