বিএনপির অপরাজনীতিই গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ পেতে বাধা: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যাদের রাজনৈতিক সংস্কৃতিতে রক্তের দাগ আর ষড়যন্ত্রের নকশা তারাই হচ্ছেন গণতন্ত্রের মুখোশপরা ফেরিওয়ালা।
সোমবার (২৬ অক্টোবর) ওবায়দুল কাদের নিজের সংসদ ভবন এলাকার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে বিএনপিকে উদ্দেশ্য করে এ কথা বলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ অদম্য গতিতে এগিয়ে চলেছে, অথচ এসময়ে কোনো ইস্যু খুঁজে না পেয়ে তারা নন ইস্যুকে ইস্যু বানানোর অপচেষ্টা করছে। বিএনপি একবার নিরাপদ সড়ক, আবার কোটা বিরোধী আন্দোলনে ব্যর্থ হয়ে সর্বশেষ ধর্ষণবিরোধী সামাজিক আন্দোলনে ভর করে সরকারের পদত্যাগ চেয়েছিল, যা হালে পানি পায়নি। এখন আবার নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি করছে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বিএনপি নেতাদের সব রাজনৈতিক আন্দোলনের ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়ে তাদের উদ্দেশ্য করে বলেন, সরকারের পদত্যাগের দাবি জানানোর কোনো প্রয়োজন নেই। সময় এলেই সংবিধান অনুযায়ী নির্বাচন হবে।
তিনি অভিযোগ করে বলেন, বিএনপি দেশে গণমাধ্যমের স্বাধীনতা নেই বলে বার বার মিথ্যা ও পুরনো অভিযোগ করে চলেছে। সরকার না-কি ভিন্নমত সহ্য করতে পারে না? বিএনপি নেতাদের এসব অভিযোগ ভিত্তিহীন।



