লন্ডনে বৈঠক সেতুমন্ত্রীর, যুক্তরাজ্যের ভিসা সহজ করার আহ্বান

লন্ডনে যুক্তরাজ্যের পরিবহনমন্ত্রী দ্য রাইট অনারেবল হেইডি আলেকজান্ডারের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। বৈঠকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বাংলাদেশের জাহাজনির্মাণ, বন্দর উন্নয়ন ও সামুদ্রিক পরিবহন খাতে ব্রিটিশ বিনিয়োগ বাড়াতে যুক্তরাজ্যের পরিবহনমন্ত্রীকে আহ্বান জানান।
শুক্রবার (১০ জুলাই) নৌপরিবহন মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে বৃহস্পতিবার (৯ জুলাই) লন্ডনে ওই দ্বিপক্ষীয় বৈঠক হয়। বৈঠকের শুরুতে শেখ রবিউল আলম প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা যুক্তরাজ্যের পরিবহনমন্ত্রীর কাছে পৌঁছে দেন।
তিনি বলেন, ‘অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে জনগণের সমর্থন নিয়ে বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছে। সরকার গণতন্ত্র, সুশাসন, জবাবদিহি ও আইনের শাসন প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ।’
শেখ রবিউল আলম বাংলাদেশ ও যুক্তরাজ্যের ঐতিহাসিক, বন্ধুত্বপূর্ণ ও বহুমাত্রিক সম্পর্কের কথা উল্লেখ করে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে যুক্তরাজ্যের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে বিদ্যমান দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্ব দেন।
বৈঠকে আন্তর্জাতিক জাহাজে কর্মরত বাংলাদেশি নাবিকদের জন্য ওকেটিবি, ট্রানজিট এবং অন্যান্য নাবিকসংক্রান্ত ভিসা দ্রুত ও সহজ করার ক্ষেত্রে যুক্তরাজ্যের সহযোগিতা চান সড়কমন্ত্রী। বাংলাদেশের জাহাজনির্মাণ, সামুদ্রিক প্রকৌশল, বন্দর উন্নয়ন, সামুদ্রিক পরিবহন ব্যবস্থা এবং বন্দরভিত্তিক শিল্পে ব্রিটিশ বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান তিনি। এসব খাতে যৌথ উদ্যোগ, প্রযুক্তি হস্তান্তর এবং সরকারি-বেসরকারি অংশীদারত্ব সম্প্রসারণের পাশাপাশি দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির ওপরও গুরুত্ব দেন মন্ত্রী।
জাহাজ পুনর্ব্যবহার শিল্পে আন্তর্জাতিক মান নিশ্চিত করতে সরকার হংকং আন্তর্জাতিক কনভেনশন বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ বলেও বৈঠকে উল্লেখ করেন তিনি।
মন্ত্রী জানান, বর্তমানে দেশের ৪২টি জাহাজ পুনর্ব্যবহার ইয়ার্ডের মধ্যে ২৭টি আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়েছে। অবশিষ্ট ইয়ার্ডগুলোকে পর্যায়ক্রমে ওই মানে উন্নীত করার কার্যক্রম চলছে।
শেখ রবিউল আলম বলেন, ‘জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং গ্রিনহাউস গ্যাস নির্গমন কমাতে আন্তর্জাতিক নৌ সংস্থার (আইএমও) বৈশ্বিক উদ্যোগকে বাংলাদেশ দৃঢ়ভাবে সমর্থন করে। বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমনের প্রধান উৎস না হলেও পরিবেশবান্ধব প্রযুক্তি, সবুজ প্রবৃদ্ধি এবং টেকসই সামুদ্রিক পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করছে।’
বৈঠক শেষে শেখ রবিউল আলম যুক্তরাজ্যের পরিবহনমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। উভয় পক্ষ পরিবহন, বন্দর, রেলপথ, বাণিজ্য ও বিনিয়োগসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন।
জাতিসংঘের প্রতিবেদন
উন্নয়নশীল দেশে শিক্ষার চেয়ে পাঁচ গুণ বেশি ব্যয় ঋণ পরিশোধে
উন্নয়নশীল দেশগুলোর অধিকাংশই গত বছর শিক্ষাখাতের তুলনায় বৈদেশিক ঋণ পরিশোধে বেশি অর্থ ব্যয় করেছে। এ তথ্য উঠে এসেছে জাতিসংঘের এক প্রতিবেদনে। সেখানে সতর্ক করে বলা হয়েছে, বিশ্বজুড়ে শিক্ষা খাতে আন্তর্জাতিক সহায়তা ২০২৭ সালের মধ্যে আরো ৩০ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে। খবর দ্য গার্ডিয়ান।
জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কো প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে ১১৩টি উন্নয়নশীল দেশ শিক্ষাখাতের তুলনায় বৈদেশিক ঋণের কিস্তি ও সুদ পরিশোধে বেশি অর্থ ব্যয় করেছে। সাব-সাহারান আফ্রিকার দেশগুলোয় শিক্ষার তুলনায় ঋণ পরিশোধে গড়ে ৩ দশমিক ৬ গুণ বেশি অর্থ ব্যয় হয়েছে।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ায় পরিস্থিতি আরো জটিল হতে পারে। নিম্ন ও নিম্ন-মধ্যম আয়ের দেশগুলো এরই মধ্যে ২০২৩ সালের তুলনায় শিক্ষা খাতে বৈদেশিক সহায়তার ২১ শতাংশ হারিয়েছে, যা ২০২৭ সালের মধ্যে ৩০ শতাংশে পৌঁছাতে পারে। আফগানিস্তান, মালি, নাইজার ও লাইবেরিয়ার মতো কয়েকটি দেশে গত তিন বছরে শিক্ষা সহায়তা ৪০ শতাংশেরও বেশি কমে গেছে।
ইউনেস্কোর শিক্ষা বিভাগের পরিচালক মিন জিয়ং কিম বলেন, বর্তমান উন্নয়নশীল দেশগুলোকে কঠোর ব্যয়সংকোচন, কম বিনিয়োগ এবং স্থবির উন্নয়নের চক্রে আটকে রাখছে ঋণ ব্যবস্থাপনা। ফলে অর্থনৈতিক প্রবৃদ্ধি দুর্বল হচ্ছে, অভ্যন্তরীণ রাজস্ব আহরণের সক্ষমতা কমছে এবং ভবিষ্যতে ঋণ মোকাবিলার ক্ষমতাও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
প্রতিবেদন অনুযায়ী, সবচেয়ে বেশি ঋণগ্রস্ত ১৮টি দেশ শিক্ষাখাতের তুলনায় অন্তত পাঁচ গুণ বেশি অর্থ ঋণ পরিশোধে ব্যয় করেছে। এর মধ্যে শ্রীলঙ্কা শিক্ষার চেয়ে ১৬ গুণ বেশি অর্থ ব্যয় করেছে ঋণ পরিশোধে।
যুক্তরাজ্যভিত্তিক সংগঠন ডেট জাস্টিস জানিয়েছে, ২০২৫ সালে দরিদ্র দেশগুলোর ঋণ পরিশোধের পরিমাণ গত ৩৫ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ৫৬টি দেশ তাদের মোট সরকারি আয়ের প্রায় এক-পঞ্চমাংশ ঋণের কিস্তি পরিশোধে ব্যয় করেছে।
সংগঠনটির নীতিবিষয়ক পরিচালক টিম জোনস বলেন, কভিড-১৯ মহামারী, জ্বালানির মূল্যবৃদ্ধি, সুদহার বৃদ্ধি এবং জলবায়ুজনিত দুর্যোগের কারণে ঋণ পরিশোধের চাপ অস্বাভাবিকভাবে বেড়েছে। এর ফলে অনেক দেশে স্বাস্থ্য ও শিক্ষার মতো অপরিহার্য খাতে ব্যয় কমাতে হচ্ছে।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইউরোপের সহায়তা কমে যাওয়ায় ২০২৪ সালে শিক্ষাখাতে বৈদেশিক অর্থায়ন ৬০ কোটি ডলার কমেছে, যা ২০২৫ সালে আরো কমেছে বলে ধারণা করা হচ্ছে।
ইউনেস্কোর মতে, দীর্ঘমেয়াদে এ পরিস্থিতি উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক প্রবৃদ্ধিকে বাধাগ্রস্ত করবে।



