
➤ টান টান উত্তেজনা আর হাড়কাঁপানো লড়াইয়ের পর অবশেষে ধরা দিল কাঙ্ক্ষিত সেই জয়। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বুধবার (২০ মে) ম্যাচের পঞ্চম দিন সকালে মোহাম্মদ রিজওয়ান আর সাজিদ খানের প্রতিরোধ ভাঙতেই উল্লাসে মেতে ওঠে পুরো বাংলাদেশ দল। ৭৮ রানের এই মহাকাব্যিক জয়ে পাকিস্তানের বিপক্ষে আরও একটি টেস্ট সিরিজ নিজেদের করে নিল নাজমুল হোসেন শান্তর দল।
আর এর মধ্য দিয়ে ক্রিকেট ইতিহাসে এক নতুন পাতা জুড়ল বাংলাদেশ—দুই বছরের ব্যবধানে পাকিস্তানকে টানা দুইবার টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ বা ‘বাংলাওয়াশ’ করার অবিস্মরণীয় কীর্তি গড়ল লাল-সবুজের প্রতিনিধিরা। এর আগে ২০২৪ সালে পাকিস্তানের মাটিতে তাদের হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ, আর এবার সেই একই লজ্জায় তাদের ডুবাল নিজেদের ঘরের মাঠে।
বুধবার (২০ মে) ম্যাচের শেষ ইনিংসে জয়ের জন্য পাকিস্তানকে ৪৩৭ রানের এক পাহাড়সম লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এই রান তাড়া করে জিততে হলে পাকিস্তানকে গড়তে হতো নতুন বিশ্বরেকর্ড। তবে অসম্ভবকে সম্ভব করার লক্ষ্যে বেশ ভালোই লড়াই করছিল সফরকারীরা।
চতুর্থ দিন শেষে ৭ উইকেটে ৩১৬ রান নিয়ে আজ পঞ্চম দিন সকালে খেলা শুরু করে তারা। ৭৫ রানে অপরাজিত থাকা মোহাম্মদ রিজওয়ান এবং তাকে যোগ্য সঙ্গ দেওয়া সাজিদ খানের জুটি বাংলাদেশের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছিল। জয়ের জন্য তখন তাদের প্রয়োজন ছিল মাত্র ১২১ রান, আর রিজওয়ান ছুটছিলেন সেঞ্চুরির দিকে।
★ ডিসেম্বরে দেশে ফেরার আশা সাকিবের
টার্গেট যখন আশির নিচে নেমে আসে, তখনই সিলেটে শুরু হয় তাইজুল ইসলামের ম্যাজিক। ইনিংসের ৯৬তম ওভারে তাইজুলের ঝুলিয়ে দেওয়া দ্বিতীয় বলে স্লিপে শান্তর হাতে ক্যাচ দিয়ে ফেরেন ২৮ রান করা সাজিদ খান। এর ফলে ভেঙে যায় অষ্টম উইকেটে গড়ে ওঠা লড়াকু ৫৪ রানের জুটি।
সাজিদ ফিরতেই যেন পাকিস্তানের প্রতিরোধ ভেঙে পড়ে। পরের ওভারেই শরিফুল ইসলামের বলে গালিতে মিরাজের হাতে ক্যাচ দিয়ে ৯৪ রানে আউট হন সেঞ্চুরির অপেক্ষায় থাকা রিজওয়ান। এরপর অল-আউট হতে আর বেশি সময় লাগেনি। ৯৮তম ওভারে তাইজুলের বলে ছক্কা মারতে গিয়ে তানজিদের হাতে খুররম শাহজাদ ক্যাচ দিলে ৩৫৮ রানেই থামে পাকিস্তানের দ্বিতীয় ইনিংস।
বাংলাদেশের এই অবিস্মরণীয় জয়ের মূল নায়ক স্পিন তারকা তাইজুল ইসলাম। দ্বিতীয় ইনিংসে ৩৪.২ ওভার বল করে ১২০ রান খরচায় একাই শিকার করেছেন ৬টি উইকেট। দুই ইনিংস মিলিয়ে তার ঝুলিতে গেছে মোট ৯টি উইকেট।
এছাড়া শেষ ইনিংসে গতির ঝড় তোলা নাহিদ রানা দুটি এবং শরিফুল ও মিরাজ একটি করে উইকেট নিয়ে জয়ের পথ সুগম করেন। এর আগে প্রথম ইনিংসেও নাহিদ রানা ৩টি উইকেট নিয়ে পাকিস্তানকে চেপে ধরেছিলেন।
পাকিস্তানের বিপক্ষে এই ব্যাক-টু-ব্যাক হোয়াইটওয়াশের সাফল্য বাংলাদেশ ক্রিকেটের জন্য বিশাল এক অর্জন হলেও, টেস্ট সংস্করণে প্রতিপক্ষকে পুরোপুরি ধুয়েমুছে সাফ করার ইতিহাস বাংলাদেশের জন্য এবারই প্রথম নয়। অতীতেও বেশ কয়েকবার ক্রিকেট বিশ্বের পরাশক্তিদের হোয়াইটওয়াশের লজ্জায় ডুবিয়েছে বাংলাদেশ।

স্মৃতির পাতায় সংরক্ষিত গৌরব
বাংলাদেশের টেস্ট ক্রিকেটে প্রথম হোয়াইটওয়াশের ঐতিহাসিক স্বাদ এসেছিল ২০০৯ সালে, ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। তৎকালীন নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা প্রথম টেস্টের মাঝপথে ইনজুরিতে পড়লে হুট করেই দলের দায়িত্ব নিতে হয়েছিল তরুণ সাকিব আল হাসানকে। সেই সিরিজে সেন্ট ভিনসেন্টে প্রথম টেস্টে বাংলাদেশ ৯৫ রানে জয়লাভ করে।
এরপর গ্রেনাদায় দ্বিতীয় টেস্টে সাকিব আল হাসানের অলরাউন্ড নৈপুণ্য (অপরাজিত ৯৬ রান ও ম্যাচে ৮ উইকেট) এবং তামিম ইকবালের দুর্দান্ত সেঞ্চুরির ওপর ভর করে ৪ উইকেটে জয় পায় বাংলাদেশ। ক্যারিবীয়দের তাদেরই মাটিতে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করার সেই ঘটনাটি ছিল বাংলাদেশ ক্রিকেটের শুরুর দিকের সবচেয়ে বড় বিজ্ঞাপন।
এরপর ঘরের মাঠে বাংলাদেশ কতটা ভয়ঙ্কর হতে পারে, তার প্রথম প্রমাণ মেলে ২০১৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে। মুশফিকুর রহিমের নেতৃত্বে সেবার তিন ম্যাচের টেস্ট সিরিজে জিম্বাবুয়েকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে টাইগাররা। সেই সিরিজে সাকিব আল হাসান এক টেস্টে সেঞ্চুরি ও ১০ উইকেট নেওয়ার বিরল বিশ্বরেকর্ড গড়েছিলেন, আর স্পিন ঘূর্ণিতে জিম্বাবুয়েকে ধসিয়ে দিয়েছিলেন তাইজুল ইসলাম ও জুবায়ের হোসেন লিখন।
➤➤ কিউইদের হারিয়ে সিরিজ জিতলো বাংলাদেশ
এর চার বছর পর, ২০১৮ সালে ঘরের মাঠে আবারও ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশের ফাঁদে ফেলে বাংলাদেশ। সাকিব আল হাসানের নেতৃত্বে স্পিন-সহায়ক উইকেটে ক্যারিবীয় ব্যাটসম্যানদের রীতিমতো নাচিয়ে ছেড়েছিলেন বাংলাদেশের স্পিনাররা।
চট্টগ্রাম ও মিরপুর টেস্টের দুই ম্যাচেই বাংলাদেশ একচেটিয়া আধিপত্য বিস্তার করে ২-০ ব্যবধানে সিরিজ জেতে। বিশেষ করে মিরপুর টেস্টে মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলামের কল্যাণে ইনিংস ও ১৮৪ রানের বিশাল ব্যবধানে জয় লাভ করেছিল বাংলাদেশ, যা ছিল নিজেদের টেস্ট ইতিহাসে অন্যতম বড় ব্যবধানের জয়।
তবে সব অতীতকে ছাড়িয়ে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে রোমাঞ্চকর ও গৌরবোজ্জ্বল অধ্যায়টি রচিত হয় ২০২৪ সালে। সেবার পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে গিয়ে তাদেরই মাটিতে পাকিস্তানকে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ে নাজমুল হোসেন শান্তর দল।
প্রথম টেস্টে পাকিস্তান প্রথম ইনিংসে ৪৪৮ রান ঘোষণা করার পরও মুশফিকুর রহিমের ১৯১ রানের মহাকাব্যিক ইনিংসের ওপর ভর করে বাংলাদেশ ১০ উইকেটের ঐতিহাসিক জয় পায়। আর দ্বিতীয় টেস্টে ২৬ রানে ৬ উইকেট হারানোর পরও লিটন দাসের সেঞ্চুরি এবং হাসান মাহমুদ ও নাহিদ রানার পেস ঝড়ে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়ে সিরিজ নিজেদের করে নিয়েছিল বাংলাদেশ।
➤➤ সাতানব্বইয়ের ১৩ এপ্রিল যে অধরা স্বপ্ন ছুঁয়েছিল বাংলাদেশ
সেই ঐতিহাসিক সফরের দুই বছর পর, ২০২৬ সালে এসে দেশের মাটিতে আবারও পাকিস্তানকে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ। সিলেটের এই পিচে আজ তাইজুল ও নাহিদ রানাদের হাত ধরে যে জয়টি এলো, তা কেবল একটি ম্যাচের জয় নয়।
এটি প্রমাণ করে যে, টেস্ট ক্রিকেটের কুলীন সংস্করণে বাংলাদেশ এখন আর কেবল ‘অঘটন’ ঘটানো কোনো দল নয়, বরং যেকোনো পরাশক্তিকে ঘরের মাঠে কিংবা বিদেশের মাটিতে টানা হোয়াইটওয়াশ করার মতো পরিণত ও শক্তিশালী এক ক্রিকেটীয় শক্তিতে রূপান্তরিত হয়েছে।
নিউজ নাউ বাংলা/ এফওয়াই/ জেডআরসি/ ২০ মে ২০২৬



