
ক্যাম্পাস প্রতিনিধি, তিতুমীর কলেজ: দীর্ঘদিন ধরে মেয়াদোত্তীর্ণ কমিটি দিয়েই চলছে সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্রদল। এবার নতুন কমিটি হচ্ছে। সম্প্রতি দল গুছিয়ে নিতে নির্দেশনা দিয়েছেন খোদ দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। ফলে সংগঠনটির নতুন নেতৃত্ব নিয়ে জোর আলোচনা চলছে ক্যাম্পাসে।
দলীয় সূত্রে জানা গেছে, শুধু তিতুমীর কলেজই নয়- দেশের বিশ্ববিদ্যালয় ও ঢাকার শীর্ষ কলেজগুলো দ্রুত নতুন কমিটি গঠনের তোড়জোড় চলছে। নতুন কমিটিতে পদ পেতে লবিং শুরু করেছেন অনেকে।
বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠনের রাজনীতিতে ‘নতুনত্ব’ আনার পাশাপাশি এগুলোর সাংগঠনিক তৎপরতা বাড়ানোর নির্দেশনা দিয়েছেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
গত ২৮ মার্চ রাতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে পৃথক বৈঠকে এই নির্দেশনা দেন তিনি। একই সঙ্গে দ্রুততম সময়ের মধ্যে মেয়াদোত্তীর্ণ কমিটিকে যোগ্য এবং তরুণ নেতৃত্বের মাধ্যমে পুনর্গঠনের নির্দেশ দেন চেয়ারম্যান।
➤ ৩৬ সংরক্ষিত নারী আসনে বিএনপির প্রার্থী ১২০০
দলীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালে ৪৫ দিনের জন্য ইমাম হোসেনকে আহবায়ক ও সেলিম রেজাকে সদস্য সচিব করে তিতুমীর কলেজ ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়, যার মেয়াদ অনেক আগেই শেষ হয়েছে।
দীর্ঘদিনের রাজনৈতিক স্থবিরতা কাটিয়ে তিতুমীর ছাত্রদলের বর্তমান কমিটি ভেঙে নতুন ও ত্যাগী নেতাদের হাতে দায়িত্ব তুলে দেওয়ার গুঞ্জনে সরগরম পুরো ক্যাম্পাস। শীর্ষ পদে কারা আসছেন, তা নিয়ে পড়ার টেবিল থেকে শুরু করে দলীয় আড্ডা সর্বত্র চলছে চুলচেরা বিশ্লেষণ।
ক্যাম্পাস ও দলীয় সূত্র বলছে, তারেক রহমানের বার্তার পর থেকেই ইমাম ও সেলিম নেতৃত্বাধীন তিতুমীর ছাত্রদলের বর্তমান কমিটির বিদায়ঘণ্টা বাজতে শুরু করেছে। নতুন কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক এই ‘সুপার টু’ পদে আন্দোলন-সংগ্রামে সক্রিয়, পুলিশি নির্যাতন সহ্য করা এবং রাজপথে সাহসী ভূমিকা রাখা নেতারাই প্রাধান্য পাবেন বলে আশা পদপ্রত্যাশীদের।
শীর্ষ পদের দৌড়ে সবচেয়ে বেশি এগিয়ে তাদের মধ্যে রয়েছেন, বর্তমান কমিটির যুগ্ম-আহ্বায়ক হামদে রাব্বি আকরাম খান, আকতার হোসেন, কাজী শহিদুল ইসলাম, শিহাব উদ্দিন সিয়াম, রিয়াজুল ইসলাম রিয়াজ এবং রাকিবুল ইসলাম রাকিব। এদের প্রত্যেকেরই রয়েছে রাজপথে দীর্ঘ ত্যাগের ইতিহাস।
হামদে রাব্বি আকরাম খান আগে তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক ও সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। রাজনীতিতে হাতেখড়ি তিতুমীর কলেজে ভর্তি হওয়ার পর থেকে। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে তিনি মিথ্যা মামলার শিকার হয়ে দীর্ঘ সময় কারাভোগ করেন। এমনকি সদ্য সমাপ্ত জুলাইয়ের গণঅভ্যুত্থানেও তিনি সামনের সারি থেকে নেতৃত্ব দিয়ে ব্যাপক গ্রহণযোগ্যতা তৈরি করেছেন।
কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক ও সাবেক সহ সভাপতি ছিলেন আকতার হোসেন। তিনিও ছাত্রদলের রাজপথের আরেক পরীক্ষিত সৈনিক। বিগত এক যুগেরও বেশি সময় ধরে তিনি প্রতিটি দলীয় কর্মসূচিতে সক্রিয়। এমনকি সদ্য সমাপ্ত জুলাইয়ের গণঅভ্যুত্থানেও তিনি সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছেন।
তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও সাবেক সহ সভাপতি ছিলেন কাজী শহিদুল ইসলাম। রাজনৈতিক ত্যাগের গল্পও দীর্ঘ। বিগত সরকারের চরম বৈরী সময়ে তিনি রাজনৈতিক হামলার শিকার হয়েছিলেন বারবার। পাশাপাশি পুলিশি হেফাজতে অমানবিক নির্যাতনের শিকার হয়ে দীর্ঘদিন তাকে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বন্দি জীবন কাটাতে হয়েছে।
দল ও আদর্শের প্রতি তার এই অটুট আনুগত্য তাকে শীর্ষ নেতৃত্বের দৌড়ে এগিয়ে রেখেছে। এমনকি সদ্য সমাপ্ত জুলাইয়ের গণঅভ্যুত্থানেও তিনি সামনের সারি থেকে নেতৃত্ব দিয়ে পুলিশের গুলিতে আহত হয়েছেন।
এই নেতৃত্ব দিয়ে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক গ্রহণযোগ্যতা তৈরি করেছেন। ক্যাম্পাসে একজন পরিচ্ছন্ন, মানবিক ও সৃজনশীল ছাত্রনেতা হিসেবে তার রয়েছে সুপরিচিতি। মেধা ও সৃজনশীলতার পাশাপাশি রাজপথের সাহসী মুখ হিসেবেও তার সুখ্যাতি রয়েছে।
শিহাব উদ্দিন সিয়াম যুগ্ম আহবায়ক ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তিতুমীর কলেজ ছাত্রদল। তিতুমীর কলেজে ভর্তি হওয়ার পর থেকে সক্রিয় হয়ে উঠেন রাজনীতিতে। বিগত বছরগুলোতে ক্যাম্পাসে গণতান্ত্রিক অধিকার আদায়ে কথা বলতে গিয়ে তিনি বারবার তৎকালীন ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠন ছাত্রলীগ ও পুলিশের নির্মম নির্যাতনের শিকার হয়েছেন। নেতৃত্বের দৌড়ে তাকেও বেশ শক্ত অবস্থানে রাখছেন নেতাকর্মীরা।
রিয়াজুল ইসলাম রিয়াজ যুগ্ম আহবায়ক ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তিতুমীর কলেজ ছাত্রদল। গুম ফেরত এই ছাত্রনেতা তিতুমীর কলেজে ভর্তি হওয়ার পর থেকে রাজনীতি শুরু করেছেন। বিগত সময় ধরে তিনি প্রতিটি দলীয় কর্মসূচিতে সক্রিয়।এমনকি সদ্য সমাপ্ত জুলাইয়ের গণঅভ্যুত্থানেও তার ভুমিকা অতুলনীয় ।
রাকিবুল ইসলাম রাকিব যুগ্ম আহবায়ক ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তিতুমীর কলেজ ছাত্রদল। রাকিবের রাজনৈতিক ত্যাগের গল্পও দীর্ঘ। বিগত সরকারের চরম বৈরী সময়ে তিনি রাজনৈতিক হামলা মামলা শিকার হয়েছেন বারবার। পুলিশি হেফাজতে অমানবিক নির্যাতনের শিকার হয়ে দীর্ঘদিন তাকে কারাগারের থাকতে হয়েছে। নেতৃত্বের দৌড়ে তাকেও এগিয়ে রাখছেন নেতাকর্মীরা।
এই শীর্ষ পদপ্রত্যাশীর বাইরেও নতুন কমিটির নেতৃত্বে আসতে জোর লবিং ও আলোচনায় রয়েছেন আরও কয়েকজন পরীক্ষিত ছাত্রনেতা। তাদের মধ্যে যুগ্ম আহ্বায়ক মিরাজ আল ওয়াসি, যুগ্ম আহ্বায়ক আকরাম হোসেন টোটন, যুগ্ম আহবায়ক মো. জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম নাহিদ, যুগ্ম আহবায়ক মোঃ আবু হুজাইফা রকি, যুগ্ম আহবায়ক মো. হারুনুর রশিদের নাম উল্লেখযোগ্য।
বিশেষ করে ২৪ সালের তথাকথিত ডামি নির্বাচনের আগে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তাদের ভূমিকা ছিল অত্যন্ত সক্রিয়। দলীয় নির্দেশে ঘোষিত প্রতিটি হরতাল, অবরোধ ও বিক্ষোভ কর্মসূচিতে তারা সম্মুখ সারিতে থাকায় কর্মীদের কাছে তার আলাদা গ্রহণযোগ্যতা লক্ষ করা যায়।
সব মিলিয়ে, তিতুমীর কলেজ ছাত্রদলের ভবিষ্যৎ নেতৃত্ব কাদের হাতে উঠছে, তা নিয়ে নেতা-কর্মী ও সাধারণ শিক্ষার্থীদের মাঝে ব্যাপক কৌতূহল বিরাজ করছে। যারা জীবনের ঝুঁকি নিয়ে, জেল-জুলুম উপেক্ষা করে দলের দুর্দিনে হাল ধরেছিলেন, তাদের হাতেই তিতুমীর ছাত্রদলের আগামীর নেতৃত্ব ন্যস্ত হবে এমনটাই প্রত্যাশা তৃণমূল নেতাকর্মীদের
নিউজ নাউ বাংলা/ এনএস/ এফওয়াই/ ১০ এপ্রিল ২০২৬



