বাংলাদেশ

৬৪ জেলায় টিকা পৌঁছে গেছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক জানিয়েছেন, আগামী ৭ ফেব্রুয়ারি সারা দেশে একযোগে করোনা ভাইরাসের টিকাদান কার্যক্রম শুরু করার লক্ষ্যে দেশের ৬৪ জেলায় টিকা পৌঁছে গেছে।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ইতোমধ্যে ৫শ’র বেশি মানুষ ভ্যাকসিন নিয়েছে। তারা সবাই ভালো আছেন। ইতোমধ্যে দেশের সব জেলায় ভ্যাকসিন পৌঁছে গেছে। উপজেলায়ও পৌঁছে যাবে। আগামী ৭ ফেব্রুয়ারি সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে।’

করোনার টিকা নিতে জনসাধারণকে উৎসাহিত করতে জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানান মন্ত্রী।

ডা. জাহিদ মালেক বলেন, ‘আমাদের মন্ত্রী, এমপি, সচিব মহোদয়কে আহ্বান করবো, তারাও ভ্যাকসিন কার্যক্রমে অংশগ্রহণ করবে।’

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, ঢাকায় আপাতত ৪৩টি স্থানে করোনার টিকা দেয়া হবে। সেখানে ৩৫৪টি টিম কাজ করবে। সংখ্যাটা কম-বেশি হতে পারে। আর সব মিলিয়ে সারা দেশে ৬ হাজার ৬৯০টি টিম কাজ করবে। কিন্তু এখন ইউনিয়ন পর্যায়ে টিকা দেয়া হবে না। ইউনিয়ন পর্যায়ে অন্তত ৪ হাজার ৬০০টি টিকা কেন্দ্র হবে।

গত বুধবার (২৭ জানুয়ারি) কুর্মিটোলা জেনারেল হাসপাতালের একজন নার্সকে করোনা ভাইরাসের টিকা দেয়ার মধ্য দিয়ে বাংলাদেশে বহুল প্রতীক্ষিত টিকাদান কার্যক্রম শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই টিকা কার্যক্রমের উদ্বোধন করেন।

Related Articles

Leave a Reply

Back to top button