সংসদের ১৫তম অধিবেশন শুরু হচ্ছে আজ

একাদশ জাতীয় সংসদের ১৫তম অধিবেশন আজ রবিবার বিকেল ৪টায় শুরু হচ্ছে। এ অধিবেশন আজ শুরু হয়ে মাঝে মুলতবি দিয়ে ২৫ অথবা ২৬ নভেম্বর পর্যন্ত চলতে পারে বলে সংসদ সচিবালয় থেকে জানা গেছে।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গত ২৭ অক্টোবর সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন। ৬০ দিনের সাংবিধানিক বাধ্যবাধকতা পূরণে এ অধিবেশন আহ্বান করা হয়েছে।
এ অধিবেশনে সাংবাদিকদের সরাসরি সংসদ ভবনে গিয়ে খবর সংগ্রহের অনুমোদন নেই। সংসদ বাংলাদেশ টেলিভিশনের সরাসরি সম্প্রচার থেকে গণমাধ্যমকর্মীদের অধিবেশন সংক্রান্ত তথ্য সংগ্রহ করতে হবে।
প্রায় দুই বছর এমন ব্যবস্থাপনায় গণমাধ্যমকর্মীরা অধিবেশন থেকে তথ্য সংগ্রহ করছেন। সংসদ সচিবালয় জানায়, এবারও করোনাবিষয়ক সব ধরনের সুরক্ষা বলয়ের মধ্যেই অধিবেশন অনুষ্ঠিত হবে।
এদিকে, গত ১৬ সেপ্টেম্বর জাতীয় সংসদের চর্তুদশ অধিবেশন শেষ হয়। গত ১ সেপ্টেম্বর শুরু হওয়া অধিবেশন মোট সাত কার্যদিবস চালানো হয়। ওই অধিবেশনে নয়টি বিল পাস হয়। আইন প্রণয়ন সম্পর্কিত কাজ সম্পাদনের পাশাপাশি কার্যপ্রণালী-বিধির ৭১ বিধিতে ৩২টি নোটিশ পাওয়া যায়।
ওই অধিবেশনে প্রধানমন্ত্রীর উত্তরদানের জন্য সর্বমোট ২৪টি প্রশ্ন পাওয়া যায়। এর মধ্যে তিনি ১৬টি প্রশ্নের উত্তর দেন। বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের উত্তরদানের জন্য পাওয়া মোট ৫৮৪টি প্রশ্নের মধ্যে মন্ত্রীরা ৩৮৯টি প্রশ্নের জবাব দেন।



