২০ বছর পর আবারো প্রার্থী হলেন মুকুল; সঙ্গে রুদ্র, পার্নো, শ্রাবন্তী

বৃহস্পতিবার (১৮ মার্চ) আরও শীর্ষ নেতাদের প্রার্থী করে চমক দিল ভারতীয় জনতা পার্টি।
একুশের বিধানসভা নির্বাচনে প্রার্থী হলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়। যিনি বঙ্গ রাজনীতির চাণক্য বলে পরিচিত। দিল্লির অনুরোধে ২০ বছর বাদে ফের নির্বাচনের প্রার্থী হলেন তিনি। এর সাথে প্রার্থী হলেন সাবেক সহ সভাপতি রাহুল সিনহা।
বৃহস্পতিবার দিল্লিতে দলের প্রধান কার্য়ালয় থেকে ১৪৮ জনের নামের তালিকা ঘোষণা করে বিজেপি। সেখানে উত্তর ২৪পরগনার বরানগর কেন্দ্র থেকে অভিনেত্রী পার্নো মিত্র,
কলকাতার বেহালা পশ্চিম থেকে শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে প্রার্থী করেছে। এমনকী উল্লেখযোগ্য ভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের কেন্দ্র ভবনীপুর থেকে প্রার্থী করা হয়েছে অভিনেতা রুদ্রনীল ঘোষকে। যদিও এবার মুখ্যমন্ত্রী নিজের কেন্দ্রের প্রার্থী না হয়ে নন্দীগ্রাম থেকে প্রার্থী হয়েছেন।
এদিন ভারতীয় জনতার পার্টির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, কেন্দ্রীয় নেতৃত্ব আমাকে প্রার্থী করেনি। কারণ দল আমায় গোটা রাজ্যে প্রচারে নেতৃত্ব দিতে বলেছে। সব প্রার্থীদের জেতানোর দায়িত্বে এখন আমার। পশ্চিমবঙ্গে এবার পরিবর্তন হবেই।



