১২২২ শহীদ বুদ্ধিজীবীর নাম তালিকাভূক্তির সিদ্ধান্ত

দেশের ১ হাজার ২২২ জন শহীদ বুদ্ধিজীবীর নাম তালিকাভূক্তির নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে। চলতি মাসেই আনুষ্ঠানিকভাবে এ তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
বোরবার (১৩ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবীদের তালিকা প্রণয়ন সংক্রান্ত কমিটির প্রথম সভায় তালিকাভূক্তির সিদ্ধান্তটি নেয়া হয়।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষের সভাপতিত্বের এক সভায় ১৯৭২ সালে প্রকাশিত এক হাজার ৭০ জন এবং ডাক বিভাগ কর্তৃক বিভিন্ন সময়ে প্রকাশিত ১৫২ জন বুদ্ধিজীবীর নাম প্রথম ধাপে তালিকাভুক্তির নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
গত ১৯ নভেম্বর শহিদ বুদ্ধিজীবীদের তালিকা প্রণয়ন সংক্রান্ত ১১ সদস্যদের কমিটি গঠন করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। কমিটি মুক্তিযুদ্ধকালীন শহিদদের মধ্যে কারা শহিদ বুদ্ধিজীবী হিসেবে অন্তর্ভুক্ত হবেন তার সংজ্ঞা নির্ধারণ করবে।
বিভিন্ন গবেষণা গ্রন্থ, পত্রিকা কাটিং, টিভি রিপোর্ট, অন্যান্য সূত্রে প্রাপ্ত তথ্য যাচাই বাছাই করে শহিদ বুদ্ধিজীবীদের তালিকা প্রস্তুত করবে। এছাড়া কমিটি বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ/সংস্থা/জেলা /উপজেলা ও অন্যান্য সূত্র থেকে প্রাপ্ত ব্যক্তি/ব্যক্তিবর্গের আবেদন যাচাই বাছাই করে শহিদ বুদ্ধিজীবী তালিকায় নাম অন্তর্ভুক্তির সুপারিশ করবে।



