সড়কের যেকোনও ঘটনায় ফাস্ট রেসপন্ডেন্ট ট্রাফিক পুলিশ: ডিএমপি কমিশনার

সড়কে যেকোনও ধরণের দুর্ঘটনা বা অপরাধের ক্ষেত্রে ফাস্ট রেসপন্ডেন্ট হচ্ছে ট্রাফিক পুলিশ, এমনটাই জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা: শফিকুল ইসলাম।
শনিবার (২৬ ডিসেম্বর) মতিঝিল ট্রাফিক বিভাগের অধীনে রাজধানীর শান্তিনগর মোড়ে দৃষ্টি নন্দন ট্রাফিক পুলিশ বক্স ও নাগরিক সেবা কেন্দ্র উদ্বোধন করতে গিয়ে তিনি এ কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, দুর্ঘটনার শিকার ভিকটিমকে প্রাথমিক চিকিৎসা সেবা দেয়াসহ হাসপাতালে প্রেরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে থাকে তারা। অথচ তাদের নিজেদের প্রাকৃতিক দুর্যোগসহ ঝড় বৃষ্টির সময় আশ্রয় নেয়ার মত কোন জায়গা থাকে না।
এছাড়াও তিনি বলেন, প্রাকৃতিক কার্যাদি সম্পাদনের জন্য প্রয়োজনীয় শৌচাগার না থাকায় তারা কিডনীর রোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে থাকে। এসব দিক বিবেচনায় সিটি কর্পোরেশনের সাথে আলোচনাক্রমে ফ্লাইওভার সমূহের নীচে অব্যবহৃত স্থানসমূহে এ ধরণের ট্রাফিক পুলিশ বক্স ও নাগরিক সেবা কেন্দ্র স্থাপন করা যেতে পারে।
দৃষ্টি নন্দন এ ট্রাফিক পুলিশ বক্সে থাকছে, ফার্স্ট এইড বক্স, অগ্নি নির্বাপক যন্ত্র, স্ট্রেচার, সুপেয় পানিসহ অন্যান্য সরঞ্জামাদির ব্যবস্থা রাখা হবে।
এছাড়া রাস্তায় আহত কিংবা দুর্ঘটনাকবলিত নাগরিকগণ ট্রাফিক পুলিশ বক্স ও নাগরিক সেবা কেন্দ্রে প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা সেবা পাবেন।



