ফিল্ডিং ভালো করতে, খেলোয়াড়দের সোশ্যাল মিডিয়া ছাড়তে বললেন মাশরাফি

ফিল্ডিংয়ে ভালো করার জন্য খেলোয়াড়দের সামাজিক যোগাযোগমাধ্যম ছাড়তে বললেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ।
গতকাল শুক্রবার ৭১টিভি ও ক্রিকফেঞ্জি নামক এক ইউটিউব চ্যানেলের লাইভ শো’তে এসে এসব বিষয়ে কথা বলেন তিনি। এতে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালও কথা বলেন।
মাশরাফি বলেন, ‘আমাদের সবাইকে আরেকটু সাহসী হতে হবে। ফিল্ডিংটা হচ্ছে অনেক সাহসী একটা ব্যাপার।
আর বর্তমান প্রেক্ষাপটে, যেকোনো টুর্নামেন্টের শুরু থেকে শেষ পর্যন্ত সব খেলোয়াড়ের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করা উচিত। বলেন আমি আমার সময়ে এটা করতে পারিনি, তাই হয়তো বলা ঠিক না। কিন্তু বিসিবি থেকে কঠোর নিয়ম করা উচিত এ বিষয়ে। কারণ, যে চাপগুলো আসে, এগুলো সম্পূর্ণভাবে সোশ্যাল মিডিয়া থেকে আসে। আজকাল খুব বাজেভাবে ক্রিকেটারদের আক্রমণ করা হয়। যদি ক্রিকেটাররা সেটা সহ্য করতে পারত, তখন ভিন্ন হিসাব হতো। কিন্তু এখন তো ক্রিকেটাররা এগুলো নিতে পারছে না। ফলে, এটা করা উচিত।’
এ সময় মাশরাফি ফিল্ডিং কোচের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে বলেন, ২০১৯ বিশ্বকাপে আমি ভালো পারফর্ম করতে পারিনি। ফলে, আমাকে দল থেকে সরিয়ে দেওয়া হয়েছে । নিজেকে প্রমাণ না করতে পারলে আপনাকে সরিয়ে দেওয়া হবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে দুই বছর ধরে ফিল্ডিং এমন হওয়া সত্ত্বেও ফিল্ডিং কোচ রায়ান কুক দলের সঙ্গে আছেন এবং এর প্রমাণ আমরা আজকেও পেয়েছি।’



