ইকোবিজ

স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে শিল্পকারখানা খোলার দাবি ব্যবসায়ী নেতাদের

শনিবার এফবিসিসিআই সম্মেলন কক্ষে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতা ও অর্থনীতিবিদরা দেশের অর্থনীতি ও শ্রমিকের জীবন-জীবিকা বাঁচাতে স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে শিল্পকারখানা চালুর পক্ষে মত দিয়েছেন। তাদের মতে, দীর্ঘদিন লকডাউনে দেশের অর্থনীতিতে স্থবিরতা বিরাজ করছে। এটি দীর্ঘায়িত হলে সামগ্রিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। তাই ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে সীমিত পরিসরে শিল্পকারখানা চালু করা দরকার। তা না হলে উন্নয়নের ভারসাম্য ধরে রাখা অসম্ভব হবে।

রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই সম্মেলন কক্ষে শনিবার এক জরুরি আলোচনা সভায় তারা এসব কথা বলেন তারা।

এফবিসিসিআইয়ের সভাপতি শেখ ফজলে ফাহিমের সভাপতিত্বে অনলাইনে এবং সরাসরি আলোচনায় অংশ নেন- প্রধানমন্ত্রীর বেসরকারি খাতবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির, একে আজাদ, মাতলুব আহমাদ, শফিউল ইসলাম মহিউদ্দিন, চট্টগ্রাম চেম্বারের প্রেসিডেন্ট মাহবুবুল আলম, বিজিএমইএ সভাপতি ড. রুবানা হক, ডিসিসিআই, এমসিসিআই সভাপতি, পিআরআইয়ের নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর প্রমুখ। ব্যবসায়ী নেতারা বলেন, চীন, ভিয়েতনাম, ভারত, কম্বোডিয়ার মতো প্রতিদ্বন্দ্বী দেশ শিল্পকারখানা খুলে দেয়ার ব্যাপারে কী ধরনের সিদ্ধান্ত নিচ্ছে তা পর্যালোচনা করে বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে হবে। প্রধানমন্ত্রীর ঘোষিত প্রণোদনা প্যাকেজ শিল্পের জন্য সহায়ক হলেও এটি পাওয়ার শর্ত শিথিল করা দরকার।

প্রধানমন্ত্রীর বেসরকারি খাতবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, দেশের অর্থনীতিকে বাঁচাতে শিল্পকারখানা বাস্তবভিত্তিক সিদ্ধান্তের আলোকে খুলে দিতে হবে। জার্মানি, ফ্রান্সের মতো দেশ করোনা ঝুঁকি থাকার পরও তারা তাদের প্রধান শিল্প খাত ধীরে ধীরে খুলে দিচ্ছে।

আমাদেরও অর্থনীতিতে করোনাভাইরাসের ক্ষয়ক্ষতি এবং মানুষের জন্য স্বাস্থ্যঝুঁকি কতটা আছে সেসব বিষয় পর্যালোচনা করে অতি সতর্কতার সঙ্গে সিদ্ধান্ত নিতে হবে। তিনি আরও বলেন, এফবিসিসিআইয়ের মাধ্যমে বিভিন্ন খাত পর্যালোচনা করে আমাদেরও পদক্ষেপ নিতে হবে। এক্ষেত্রে এফবিসিসিআইকে একটি গাইডলাইন তৈরি করে সরকারকে দেয়ার অনুরোধ জানান তিনি।

বিজিএমইএ সভাপতি ড. রুবানা হক বলেন, পোশাক শিল্পের ৮৬৫টি কারখানা খুলে দেয়ার দাবি আছে। এ পর্যন্ত ৩ বিলিয়ন ডলারের বেশি অর্ডার বাতিল হয়েছে। এরপরও অনেকের অর্ডার আছে। এলাকাভিত্তিক সিদ্ধান্ত নিয়ে, দিনক্ষণ বেঁধে, সীমিত আকারে, স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে কারখানা খুলে দেয়ার ব্যাপারে পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, প্রতিদ্বন্দ্বী দেশগুলোয় একবার যদি অর্ডার চলে যায় তাহলে ফেরত আনা কঠিন হবে। তাই সীমিত শ্রমিক নিয়ে সীমিত আকারে কারখানা খোলার সিদ্ধান্ত নেয়া জরুরি। চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম ৩০ এপ্রিল পর্যন্ত জরিমানা ছাড়া বন্দর থেকে পণ্য ছাড়ের বিষয়ে সিদ্ধান্ত নেয়ার আহ্বান জানিয়ে বলেন, শিপিং এজেন্টদের অফিস দুপুর ১টা পর্যন্ত খোলা থাকায় কাগজ তৈরিতে বিলম্ব হচ্ছে।

এ কারণে ব্যবসায়ীরা মাল খালাস করতে না পারায় জরিমানা গুনতে হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে বিকাল ৩টা পর্যন্ত শিপিং অফিস খোলা রাখার আহ্বান জানান তিনি। বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্স ইন্সটিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর বলেন, শিল্প ও দেশের বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকাকে লাল, হলুদ, সবুজ রঙে বিভাজন করা জরুরি।

সেক্ষেত্রে এফবিসিসিআই, বিজিএমইএ ও অন্য খাতকে সঙ্গে নিয়ে খাতভিত্তিক স্বাস্থ্য সুরক্ষা নির্ধারণ করে কারখানা খোলার সিদ্ধান্ত নিতে হবে। তিনি আরও বলেন, সরকার এ পর্যন্ত যে প্রণোদনা ঘোষণা করেছে তা প্রশংসিত। কিন্তু এর পরিমাণ যথেষ্ট নয়। এটি আরও বাড়াতে হবে।

আলোচনায় অনলাইনে আরও অংশ নেন- সিলেট, খুলনা, রংপুর, সুনামগঞ্জ, জামালপুরসহ জেলা চেম্বার ও অ্যাসোসিয়েশনের সভাপতি ও ব্যবসায়ী নেতারা।

Related Articles

Leave a Reply

Back to top button