বাংলাদেশ

স্বাধীনতাকে অসম্মান ও কটাক্ষে’র প্রতিবাদে ১৫টি সাংস্কৃতিক ফেডারেশনের যৌথ বিবৃতি

মহান স্বাধীনতা দিবসে ‘দৈনিক প্রথম আলোতে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রমূলক সংবাদ প্রচারে’র বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছে দেশের ১৫ টি জাতীয় ভিত্তিক সাংস্কৃতিক ফেডারেশন।

আজ রবিবার এক বিবৃতিতে বলা হয়, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাকে অসম্মান ও কটাক্ষ করা অগ্রহণযোগ্য।

বিবৃতিতে আরো বলা হয়, দেশের একটি বিশেষ মহল উদ্দেশ্যপূর্ণভাবে নানা অজুহাতে আমাদের মহান মুক্তিযুদ্ধ, দেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের শহীদদের উপহাস, কটাক্ষ, অসম্মান এবং হেয় প্রতিপন্ন করে চলেছে। এ অপপ্রচারে লিপ্ত হয়েছে বিএনপি এবং তাদের সমগোত্রীয় রাজনৈতিক দল, কতিপয় পেশাজীবী, সাংবাদিক এবং সুশীল সমাজের একটি অংশ।

এদের মূল উদ্দেশ্য হলো, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে তরুণ প্রজন্মকে বিভ্রান্ত করা এবং জাতীয় জীবনের প্রায় সকল ক্ষেত্রে স্বাধীন বাংলাদেশের অভাবনীয় অর্জনকে আড়াল করা।

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে এই উদ্দেশ্যপূর্ণ মহলের অপতৎপরতা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।

বিবৃতিতে মহান মুক্তিযুদ্ধ, বাংলাদেশের স্বাধীনতা ও অসাম্প্রদায়িক সমাজচেতনার বিরুদ্ধে মিথ্যাচার, অপপ্রচার ও আক্রমণ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

সেসঙ্গে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার পাশাপাশি যেকোন অজুহাতে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশীদের অযাচিত হস্তক্ষেপের নিন্দা জানানো হয়।

বিবৃতি দাতা সংগঠন সমূহগুলো হলো:
১. সম্মিলিত সাংস্কৃতিক জোট
২. বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান
৩. জাতীয় কবিতা পরিষদ
৪. বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ
৫. বাংলাদেশ পথনাটক পরিষদ
৬. বাংলাদেশ গণসঙ্গীত সমন্বয় পরিষদ
৭. বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা
৮. বাংলাদেশ চারুশিল্পী সংসদ
৯. বাংলাদেশ সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ
১০. বাংলাদেশ যাত্রা শিল্প উন্নয়ন পরিষদ
১১. আইটিআই বাংলাদেশ কেন্দ্র
১২. অভিনয় শিল্পী সংঘ
১৩. বাংলাদেশ গ্রাম থিয়েটার
১৪. বাংলাদেশ শিশু সংগঠন ঐক্যজোট
১৫. বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট

Related Articles

Leave a Reply

Back to top button