বাজার সিন্ডিকেট মোকাবেলায় সরকার ব্যর্থ নয়: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাজারে সিন্ডিকেট আছে, তবে বাজারে চলমান সিন্ডিকেট মোকাবেলায় সরকার ব্যর্থ নয় ।
শুক্রবার (২৩ অক্টোবর) ধানমণ্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বাজারের সিন্ডিকেট নানা কারসাজির মাধ্যমে পণ্যের দাম বাড়িয়ে থাকে। তবে সরকার সিন্ডিকেট ভাঙ্গার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। বর্ষাকালে দ্রব্যমূল্যের দাম কিছুটা বৃদ্ধি পায়। শিগগিরই তা কমে আসবে। পণ্যের দাম ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে কাজ করে যাচ্ছে দায়িত্বশীলরা।
এসময় বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, বিএনপির আন্দোলনের হাঁকডাক তর্জন গর্জনই সার। আন্দোলনে তাদেরকে দেখা যায় না। এমন কি দলের নেত্রীকে মুক্ত করার জন্য কোন আন্দোলন গড়ে তুলতে পারেনি তারা। সরকার মানবিক কারণে বেগম জিয়া জামিনে মুক্তি দিয়েছেন। এটা বিএনপির আন্দোলনের ফসল নয়।
উপনির্বাচনে ফলাফল প্রত্যাখ্যান করে বিএনপির পুনর্নির্বাচন দাবি প্রসঙ্গে তিনি বলেন, বিএনপির পূণনির্বাচনের দাবি অযৌক্তিক। নির্বাচন এলেই সরকার এবং নির্বাচন কমিশনকে দোষারোপ করতে তাদের অপতৎপরতা শুরু হয়। তারা সব সময় নির্বাচনকে বিতর্কিত করতে চাই।
করোনার কারণে পারিবারিক সহিংসতা, সামাজিক অবক্ষয় বেড়েছে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, ধর্ষণ-নারী নির্যাতনের সঙ্গে যারাই জড়িত তাদেরকে প্রধানমন্ত্রী ছাড় দেননি। কোন আপোষ করা হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। যেকোন গুজবের বিরুদ্ধে কঠোর অবস্থানে আছে সরকার।



