বাংলাদেশ

৫০ বাস নিয়ে নগর পরিবহনের উদ্বোধন ২৬ ডিসেম্বর

আগামী ২৬ ডিসেম্বর ‘ঢাকা নগর পরিবহন’ উদ্বোধন করা হবে। প্রথমে কেরানীগঞ্জের ঘাটারচর থেকে নারায়ণগঞ্জের কাঁচপুর পর্যন্ত ২১ কিলোমিটারের এ রুটে ৫০টি বাস চলাচল করবে।

রোববার (১৯ ডিসেম্বর) বিকেলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনের বুড়িগঙ্গা হলে বাস রুট রেশনালাইজেশন কমিটির ২০তম সভা শেষে এ তথ্য জানানো হয়।

সভা শেষে বাস রুট রেশনালাইজেশন কমিটির সভাপতি ও ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, আগামী ২৬ ডিসেম্বর ঘাটারচর টু কাঁচপুর রুটে বিআরটিসির ৩০টি বাস এবং ট্রান্সসিলভার ২০টি বাস নিয়ে ঢাকা নগর পরিবহনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। এই রুটের বাসগুলো হবে সবুজ রঙের। প্রথমে ৫০টি বাস নিয়ে যাত্রা শুরু হলেও কিছুদিনের মধ্যে এই রুটে মোট ১০০টি বাস চলাচল করবে।

কমিটির আরেক সদস্য এবং ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম বলেন, প্রথম দিন থেকেই এ রুটের বাসগুলোতে ই-টিকেটিং সিস্টেম চালু করা হবে। আমাদের বাস বে, যাত্রী ছাউনিগুলোর কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এছাড়া প্রতি বাসের ড্রাইভার ও স্টাফদের নির্দিষ্ট পোশাক থাকবে।

Related Articles

Leave a Reply

Back to top button