অন্য খবর

কান উৎসবের লাল গালিচায় আরিফিন শুভ

সাদা-কালোর সমন্বয়ে ড্যাপার বিস্পোকে টাকসিডোতে, পৃথিবীর অন্যতম প্রাচীন এবং প্রভাবশালী কান চলচ্চিত্র উৎসবে লাল গালিচায় দেখা মিললো ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ।

কান উৎসবের চতুর্থ দিন (২০ মে) ফ্রান্সের স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রেড কার্পেটে হেঁটেছেন এ স্টার।

এই প্রথম কান সফরে গিয়ে লাল গালিচায় হেঁটে উচ্ছ্বসিত আরিফিন শুভ। কান থেকে এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন, ‘কানের রেড কার্পেটে হাঁটা ষোলোকলা পূর্ণের মতো। একেবারে স্বপ্নের বাইরের কোনো কিছুকে ছোঁয়ার মতো। আমি সত্যিই কৃতজ্ঞ আমার দর্শকদের কাছে, আমার পরিচালক-প্রযোজকদের কাছে। আমার অসংখ্য ভক্ত যারা আছেন, আমাকে এই পর্যন্ত নিয়ে এসেছেন, তাদের প্রতি আমার কৃতজ্ঞতা ও ভালোবাসা। আমি চেষ্টা করব তাদের যে আস্থা-বিশ্বাস আমার প্রতি আছে, সেটা রক্ষা করতে। দোয়া করবেন আমার জন্য।’

কান চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্মে গত বৃহস্পতিবার (১৯ মে) কান সৈকতে ভারতীয় প্যাভিলিয়নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর ‘মুজিব : দ্য মেকিং অব এ নেশন’ সিনেমাটির ট্রেইলার প্রদর্শন হয়।

সিনেমাটির সবশেষ অবস্থা প্রসঙ্গে ভ্যারাইটিকে খ্যাতনামা পরিচালক শ্যাম বেনেগাল জানিয়েছেন, সিনেমাটি এখন দীর্ঘ ভিএফএক্স প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে।

এর আগে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘মুজিব’ সিনেমার অফিশিয়াল টিজার পোস্টার প্রকাশ করা হয়। পোস্টারে ১৯৭১ সালের ৭ মার্চে সোহরাওয়ার্দী উদ্যানে দেওয়া বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের মুহূর্তটিই তুলে ধরা হয়েছে। জনতার উদ্দেশে বঙ্গবন্ধুর হাত নাড়ার দৃশ্যটিই পোস্টারে রাখা হয়েছে। যদিও দেখানো হয়নি কারও লুক। ট্যাগ লাইনে লেখা, ‘একটি জাতির রূপকার’। এরপর ১৯ মে সিনেমাটির ট্রেইলার সবার জন্য প্রকাশ করা হয়েছে।

চলতি বছরের সেপ্টেম্বর মাসে মুক্তির অপেক্ষায় থাকা ‘মুজিব’ সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়ক আরিফিন শুভ, শেখ হাসিনার একটি চরিত্রে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া ও বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেছার বড়বেলার চরিত্রে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশা। শতাধিক অভিনেতা কাজ করছেন সিনেমাটিতে।

Related Articles

Leave a Reply

Back to top button