সোমবার পাস হচ্ছে অর্থবিল, মঙ্গলবার মূল বাজেট

পাঁচদিন মুলতবির পর সোমবার (২৯ জুন) বেলা ১১টায় পুনরায় বসেছে সংসদের চলতি বাজেট অধিবেশন। ইতিহাসের সংক্ষিপ্ততম এই অধিবেশনে বড় ধরনের কোনো পরিবর্তন ছাড়াই আজ জাতীয় সংসদে পাস হচ্ছে অর্থবিল।
আগামীকাল মঙ্গলবার (৩০ জুন) পাস হবে ২০২০-২১ অর্থবছরের মূল বাজেট। এতে প্রায় পৌনে ৬ লাখ কোটি টাকা ব্যয়ের ফর্দ ধরা হয়েছে। পরদিন ১ জুলাই থেকে নতুন এ বাজেট কার্যকর হবে।
এর আগে গত ১১ জুন অর্থমন্ত্রী জাতীয় সংসদে ২০২০-২১ অর্থবছরের জন্য ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট পেশ করেন। বাজেটের ওপর সংসদে সাধারণ আলোচনাও আজ সোমবার শেষ হচ্ছে। শেষদিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাজেট আলোচনায় অংশ নেওয়ার পর অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সমাপনী বক্তব্য দেবেন। এরপর আগামী অর্থবছরের জন্য আর্থিক ব্যবস্থাপনা সংক্রান্ত নতুন আইনসহ কতিপয় বিদ্যমান আইন আরও যুগোপযোগী করে অর্থবিল-২০২০ পাস হবে।
সংসদ সচিবালয় সূত্রে জানা যায়, দেশের ইতিহাসে সংক্ষিপ্ততম এ বাজেট অধিবেশন মাত্র ৮ কার্যদিবসে শেষ হচ্ছে। গত ১০ জুন শুরু হওয়া অধিবেশন এ পর্যন্ত ৫ কার্যদিবস বসেছে। আজ সোমবার অর্থবিল পাস এবং আগামীকাল মঙ্গলবার বাজেট পাস হওয়ার পরের দিন সমাপনী অধিবেশন হবে। করোনা পরিস্থিতির কারণে এবারে সংক্ষিপ্ততম অধিবেশন বসছে।



