প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাতে ঢাকা আসবেন জন কেরি

আগামী ২২ এপ্রিল বিশ্বনেতাদের নিয়ে জলবায়ুবিষয়ক ভার্চ্যুয়াল সম্মেলনের আয়োজন করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এতে অংশ নেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানাতে ৯ এপ্রিল ঢাকায় আসবেন মার্কিন প্রেসিডেন্টের জলবায়ুবিষয়ক বিশেষ দূত জন কেরি।
বুধবার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্র্রী এ কে আব্দুল মোমেন
তিনি বলেন, বাংলাদেশ ক্লাইমেট ভালনারেবল ফোরামের সভাপতি। প্রধানমন্ত্রী পদাধিকার বলে এই দায়িত্ব পালন করে থাকেন। ২২ এপ্রিল যুক্তরাষ্ট্রে জলবায়ু ইস্যুতে একটি সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই সম্মেলনের আমন্ত্রণ জানাতে তিনি ঢাকায় আসছেন।
পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির ঢাকা সফর হবে কয়েক ঘণ্টার। ৪০টি দেশের রাষ্ট্র বা সরকারপ্রধানের অংশগ্রহণে জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হবে।
মার্কিন প্রেসিডেন্টের জলবায়ুবিষয়ক বিশেষ দূত জন কেরি, বাংলাদেশ তার সকল জলবায়ু সংক্রান্ত সংকট ও সম্ভাবনা পথ তুলে ধরবেন জানিয়ে ড. এ কে আবদুল মোমেন বলেন, যুক্তরাষ্ট্র আমাদের সঙ্গে কাজ করতে চায়। এর আগেও আমার সাথে তার কথা হয়েছে। আমরা একসাথে নিরাপদ বিশ্ব গড়তে চাই।



