সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ হচ্ছে; ইভিএম নিয়ে কোনো সমস্যা নেই: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ হচ্ছে। ভোটারদের উপস্থিতি আমাদের মতে সন্তোষজনক।
সেসঙ্গে নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়ে কোনো সমস্যা নেই বলেও জানান সিইসি।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিসিটিভি ক্যামেরা কন্ট্রোল রুমে নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষণের একপর্যায়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
সিইসি বলেন, ‘এখন পর্যন্ত ভোটার উপস্থিতি ভালো। ভোটের পরিবেশও ভালো। এখন পর্যন্ত তেমন কোনো অভিযোগ আমরা পাইনি। তবে ভোট শেষে বলা যাবে। আশা করি ভোটাররা নির্বিঘ্নে সুষ্ঠু পরিবেশে ভোট দেবে।’
ইভিএম জটিলতার বিষয়ে কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘ইভিএম খানিকটা ধীরগতির কথা শুনেছি। তবে কয়জন লোক ইভিএম ভোট না দিয়ে চলে গেছেন। ভোট শেষে মূল্যায়ন করা যাবে।’
মোট ১ হাজার ৮০৭টি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে, ঢাকা নির্বাচন ভবন থেকে পর্যবেক্ষণ করছেন কমিশনাররা।



