বাংলাদেশ
সীমিত পরিসরে মন্ত্রিসভার বৈঠক বৃহস্পতিবার

করোনা ভাইরাস সংক্রমণের কারণে একমাস পর সীমিত পরিসরে আগামী বৃহস্পতিবার বসছে মন্ত্রিসভার বৈঠক। ওইদিন বেলা ১১টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে ।
মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (মন্ত্রিসভা ও রিপোর্ট অনুবিভাগ) মো. আব্দুল বারিক এই তথ্য জানান।
তিনি বলেন, আগামী বৃহস্পতিবার বেলা ১১টায় গণভবনে মন্ত্রিসভা বৈঠক হবে। তবে স্বাস্থ্যবিধি মেনে এটি হবে খুবই সীমিত পরিসরে।
প্রধানমন্ত্রী ছাড়াও ওই বৈঠকে সংশ্লিষ্ট মাত্র তিনজন মন্ত্রী অংশ নেবেন বলেও মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানা গেছে।
এর আগে করোনা প্রতিরোধে সাধারণ ছুটির মধ্যে ৬ এপ্রিল গণভবনে সীমিত পরিসরে মন্ত্রিসভা বৈঠক হয়। সেই বৈঠকে স্বাস্থবিধি মেনে মাত্র সাতজন মন্ত্রী অংশ নেন।



