সীতাকুণ্ডে আরও ৪ রাসায়নিক কনটেইনার শনাক্ত

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিস্ফোরণ হওয়া বিএম কনটেইনার ডিপোতে রাসায়নিকের আরও চারটি কনটেইনার শনাক্ত হয়েছে।
সোমবার (৬ জুন) দুপুরে বিএম কনটেইনার ডিপোর গেইটে সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য জানান সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের ১৮ ব্রিগেডের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম হিমেল।
তিনি বলেন, ডিপোতে আমরা রাসায়নিক থাকা আরও চারটি কনটেইনার শনাক্ত করতে সক্ষম হয়েছি। ফায়ার সার্ভিসের একটি দল বিশেষ পদ্ধতিতে খুব সতর্কতার সঙ্গে এসব কনটেইনার অপসারণ করার চেষ্টা করছে।
লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম হিমেল বলেন, ডিপোর ভেতর এখনও আগুন জ্বলছে। সেখান থেকে এখনও কালো ধোঁয়া বের হচ্ছে। সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভাতে কাজ করছেন।
ডিপোর ৫০০ মিটার শেডের ভেতর এখনও ঢুকতে পারেননি দমকল কর্মীরা। জ্বলতে থাকা আগুন আর নতুন বিস্ফোরণের আশঙ্কায় উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে। আগুন পুরোপুরি নেভাতে সময় লাগবে বলেও জানান তিনি।
ফায়ার সার্ভিসের উপপরিচালক (অভিযান) দুলাল মিয়া বলেন, আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। সময় লাগবে। আমাদের কাজ চলছে। ডিপোর ৫০০ মিটার শেডের ভেতর ঢুকে এখনও উদ্ধার অভিযান শুরু করা যায়নি। সেখান থেকে ধোঁয়া বের হচ্ছে।
গত শনিবার (৪ জুন) দিবাগত গভীর রাতে সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগে। এ ঘটনায় সর্বশেষ তথ্যানুযায়ী এখন পর্যন্ত ৪১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন দুই শতাধিক মানুষ।
নিহতদের মধ্যে ২২ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকীদের পরিচয় শনাক্তের জন্য ডিএনএ নমুনা সংগ্রহ করা হচ্ছে।



