বাংলাদেশ

বেসরকারিভাবে চাল আমদানি করা হবে: খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার জানিয়েছেন, বাজার স্বাভাবিক রাখতে বেসরকারিভাবে চাল আমদানির সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সোমবার (৬ জুন) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, আজ সোমবার খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভায় বাজার স্থিতিশীল রাখতে বেসরকারিভাবে চাল আমদানির সিদ্ধান্ত হয়েছে।

এ সময় সভায় নেয়া সিদ্ধান্তের সারসংক্ষেপ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দ্রুতই পাঠানো হবে এবং এরপর পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে বলেও জানান তিনি।

খাদ্যমন্ত্রী বলেন, চাল শুল্কমুক্তভাবে যেন আনা যায়, তা নিয়ে আলোচনা হয়েছে। এতে কৃষক, বাজার ও সংশ্লিষ্ট অন্যরা যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটা নিশ্চিত করা হবে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে।

চলমান অভিযান নিয়ে সাধন চন্দ্র মজুমদার বলেন, অভিযানের সুফল ভোক্তা পেতে শুরু করেছে।

খাদ্যমন্ত্রী আবারো বলেন, সরকারের বেঁধে দেওয়া পরিমাণের চেয়ে বেশি চাল যাদের গুদামে পাওয়া যাবে, সেগুলো অবৈধ চাল হবে। সেগুলো সিলগালা করা হবে।

এর আগে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের সভাপতিত্বে এফপিএমসির ভার্চ্যুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ. ম. রেজাউল করিম এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান উপস্থিত থেকে মতামত তুলে ধরেন।

এ ছাড়া বৈঠকে এনবিআরের চেয়ারম্যান, কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, মন্ত্রিপরিষদ বিভাগেরে সচিব (সমন্বয় ও সংস্কার) ও খাদ্য মন্ত্রণালয়ের সচিব অংশ নেন।

Related Articles

Leave a Reply

Back to top button