ঢামেকে আজ থেকে শুরু হচ্ছে প্লাজমা থেরাপি

আজ শনিবার (১৬ মে) থেকে শুরু হচ্ছে প্লাজমা থেরাপি। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে এই থেরাপি শুরু হবে। একই সঙ্গে ভবন-২ এ শুরু হচ্ছে করোনা রোগীদের চিকিৎসা।
শুক্রবার (১৫ মে) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের হেমাটোলজি বিভাগের প্রধান ও প্লাজমা থেরাপি সাব-কমিটির প্রধান প্রফেসর ডাক্তার এম এ খান ।
তিনি জানান, এই প্লাজমা থেরাপি চিকিৎসার মাধ্যম বিশ্বের কয়েকটি দেশ করোনা আক্রান্তদের ক্ষেত্রে ৫০ থেকে ৭০ শতাংশ সফলতা পেয়েছে। এছাড়া ইতিমধ্যেই আমেরিকার একটি হাসপাতালের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা ২৩ জন করোনা রোগীকে প্লাজমা থেরাপি চিকিৎসা দিয়েছে। তাদের মধ্যে ২১ জনই সুস্থ হয়েছেন।’
তিনি আরো বলেন, শনিবার দুই থেকে তিনজনের কাছ থেকে প্লাজমা সংগ্রহ করা হবে। পরে আরো কয়েকজনের কাছ থেকেও সংগ্রহ করার কথা রয়েছে। পরে প্লাজমা পরীক্ষা করে দেখা হবে এন্টিবডি কতটুকু আছে। তারপর করোনা রোগীদের প্লাজমা থেরাপি চিকিৎসা শুরু করা হবে।
ঢামেক (নতুন ভবন) ব্লাড ট্রান্সফিউশন বিভাগে করোনাজয়ী ব্যক্তিদের কাছ থেকে প্লাজমা সংগ্রহ করা হবে বলেও জানান তিনি।
ডাক্তার এম এ খান করোনা থেকে সুস্থ ব্যক্তিরা স্বতঃস্ফূর্তভাবে যেন এগিয়ে আসেন সে বিষয়ে অনুরোধ করেন। রক্তের গ্রুপভিত্তিক রোগীদের প্লাজমা থেরাপি চিকিৎসা দেওয়া হবে।



