ভিকি কৌশলের বিরুদ্ধে থানায় অভিযোগ

বলিউড অভিনেতা ভিকি কৌশলের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন জয় সিং যাদব নামে ইন্দোরের এক যুবক।
তার অভিযোগ, যে বাইকে করে ভিকি শুটিং করেছেন সেই বাইকের নম্বরপ্লেটটি তার। এর জন্য তার কাছ থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি।
ভারতের সংবাদ সংস্থা-এএনআইয়ের বরাত দিয়ে বলিউড লাইফের খবরে বলা হয়েছে, সম্প্রতি সারা আলি খানের সঙ্গে ইন্দোরে শুটিংয়ের একটি ছবি নেট দুনিয়ায় বেশ ভাইরাল হয়। ছবিটিতে দেখা যায় সারাকে পেছনে বসিয়ে বাইকে করে ইন্দোর চষে বেড়াচ্ছেন ভিকি। ‘ছবির দৃশ্যে যে বাইকটি দেখা যাচ্ছে, সেই বাইকের নম্বরপ্লেটটি নিজের দাবি করে অভিযোগ দায়ের করেছেন জয় সিং যাদব নামে ইন্দোরের এ যুবক।
এ বিষয়ে ইন্দোরের বানগঙ্গা এলাকার উপ-পরিদর্শক (এসআই) রাজেন্দ্র সোনি বলেন, ‘আমরা অভিযোগ পেয়েছি। বিষয়টি বেআইনি কি না, খতিয়ে দেখা হবে। সেই মতো আইনানুযায়ী ব্যবস্থাও নেয়া হবে।’
প্রসঙ্গত, এই ছবিতেই ভিকির সঙ্গে প্রথম কাজ করছেন সারা আলি খান। জানা যায়, লক্ষণ উটেকারের রোম্যান্টিক ছবিতে প্রথমবার দেখা যাবে ভিকি-সারাকে। ছবির প্রযোজক ম্যাডক ফিল্মস।



