বাংলাদেশ

একদিনে নতুন আক্রান্ত ৩,২৪০, মৃত্যু ৩৭

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন তিন হাজার ২৪০ জন। সব মিলিয়ে এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন এক লাখ আট হাজার ৭৭৫ জন। আর গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৭ জনের। এ নিয়ে মোট মৃতের সংখ্যা এক হাজার ৪২৫ জন। আর একদিনে সুস্থ হয়েছেন এক হাজার ৪৮ জন, এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৪৩ হাজার ৯৯৩ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪০ দশমিক ৪৪ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৩১ শতাংশ।

শনিবার (২০ জুন) দুপুরে, করোনা ভাইরাস সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ৭৭৯টি এবং পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৩১টি। এখন পর্যন্ত পাঁচ লাখ ৯৬ হাজার ৫৭৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৩ দশমিক ০৯ শতাংশ।

অধ্যাপক নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে রাখা হয়েছে ৬২৮ জনকে। গত ২৪ ঘণ্টায় প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টিন মিলে কোয়ারেন্টিন করা হয়েছে এক হাজার ৫৩৮ জনকে। এখন পর্যন্ত তিন লাখ ৩৪ হাজার ৭৬৪ জনকে কোয়ারেন্টিন করা হয়েছে। কোয়ারেন্টিন থেকে গত ২৪ ঘণ্টায় ছাড় পেয়েছেন দুই হাজার ৭৪ জন।

Related Articles

Leave a Reply

Back to top button