সময় ও নম্বর কমিয়ে এসএসসি ও এইচএসসি পরীক্ষার সিদ্ধান্ত

শুধু গ্রুপভিত্তিক (বিজ্ঞান, মানবিক ও বাণিজ্যসহ অন্যান্য গ্রুপ) তিনটি নৈর্বাচনিক বিষয়ে সময় ও নম্বর কমিয়ে স্বাস্থ্যবিধি মেনে, চলতি বছরের এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষা নেয়া হবে।
সোমবার (২৬ জুলাই) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম আমিরুল ইসলাম স্বাক্ষরিত এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান পরীক্ষা -২০২১ এর চতুর্থ বিষয় সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান পরীক্ষা শুধু গ্রুপভিত্তিক তিনটি নৈর্বাচনিক বিষয়ে সময় ও নম্বর কমিয়ে স্বাস্থ্যবিধি মেনে নেয়া হবে। বিশ্বব্যাপী কোভিড-১৯ জনিত অতিমারির কারণে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আবশ্যিক বিষয় ও চতুর্থ বিষয়ে কোনো পরীক্ষা নেয়া হবে না।
এতে আরো উল্লেখ করা হয়েছে, শিক্ষার্থীর রেজিষ্ট্রেশন কার্ড অনুযায়ী ৪র্থ বিষয়ের নম্বর সাবজেক্ট ম্যাপিং-এর মাধ্যমে এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান পরীক্ষা-২০২১ এর ফলাফলে নম্বর দেয়া হবে।
এক্ষেত্রে উচ্চ শিক্ষায় ভর্তিতে কোন রকমের নেতিবাচক প্রভাব পড়বে না।
শিক্ষার্থীর রেজিষ্ট্রেশন কার্ডে ৪র্থ বিষয় পরিবর্তন বা সংশোধনের আর কোনো সুযোগ নেই বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে ।



