বাংলাদেশ

মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব, কড়া প্রতিবাদ বাংলাদেশের

মিয়ানমার থেকে আসা দুটি মর্টার শেল বান্দরবান সীমান্তে পড়ার ঘটনায় ঢাকায় দেশটির রাষ্ট্রদূত উ অং কিয়াউ মোকে ডেকে কড়া প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

সোমবার (২৯ আগস্ট) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে সাংবা‌দিক‌দের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

তিনি বলেন, মিয়ানমার ইস্যুতে রাষ্ট্রদূতকে আজকে আমরা ডেকেছি। এখনও তার সাথে মিটিং হচ্ছে। তাদেরকে একটা নোট ভার্বালের মাধ্যমে কড়া প্রতিবাদ জানিয়েছি, এ ধরনের ঘটনা আর যাতে না হয়। এ ঘটনা যে ঘটেছে সেটার জন্যও আমরা তীব্র নিন্দা জানিয়েছি।

উল্লেখ্য, রোববার (২৮ আগস্ট) বিকেল ৩টার দিকে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের তুমব্রু উত্তর মসজিদের কাছে ওই মর্টারশেলগুলো এসে পড়ে। সেগুলো বিস্ফোরিত হয়নি। এতে কেউ হতাহতও হয়নি।

তুমব্রু সীমান্তে ৩৪ ও ৩৫ নম্বর সীমান্ত পিলার এলাকায় শেল দুটি পড়ার কথা জানান বান্দরবানের পুলিশ সুপার তারিকুল ইসলাম।

তিনি বলেন, মনে হচ্ছে, মর্টার শেলগুলো আমাদের দিকে টার্গেট করে ছোড়া হয়নি। এটি খুব সম্ভব মিয়ানমারের সীমান্ত রক্ষী বাহিনীর (বিজিপি) সঙ্গে কোনো বিদ্রোহী গোষ্ঠীর গোলাগুলির কারণে আমাদের সীমান্তে এসে পড়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button