বাবা-মার কবরের পাশেই চিরনিদ্রায় ধর্ম প্রতিমন্ত্রী

রাষ্ট্রীয় মর্যাদায় ধর্ম প্রতিমন্ত্রী ও মুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ আব্দুল্লাহের দাফন সম্পন্ন হয়েছে।
রোববার (১৪ জুন) বাদ আসর তার গ্রামের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার কেকানিয়া গ্রামের পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে তাকে সমাহিত করা হয়।
এর আগে বিকেলে বাড়ির মসজিদ প্রাঙ্গণে স্বাস্থ্যবিধি মেনে ও নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রেখে তার নামাজে জানাজা সম্পন্ন করা হয়। এসময় তাকে গার্ড অব অনার ও রাষ্ট্রীয় সালাম প্রদান করা হয়।
জানাজায় গোপালগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) শাহিদা সুলতানা, পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ সাইদুর রহমান খান, সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ, গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিকুর রহমান খান, জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, সদর উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফার রহমান বাচ্চুসহ জেলা-উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে, বিকেলে আল-মারকাজুল ইসলাম হাসপাতালের একটি লাশবাহী অ্যাম্বুলেন্সে ঢাকা থেকে সরাসরি তার মরদেহ গ্রামের বাড়ি কেকানিয়া গ্রামে এসে পৌঁছায়। এসময় তার কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। সৃষ্টি হয় শোকাবহ আবহ। জেলার সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে।



