বাংলাদেশ

রাজধানীতে ঈদ জামাতের সময়সূচি

বৃহস্পতিবার (২৯ জুন) দেশে মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে। ঈদের দিন সকালে মুসলমানরা ঈদগাহে বা মসজিদে দু রাকাত ওয়াজিব নামাজ আদায় করে থাকেন।

ইসলামিক ফাউন্ডেশন থেকে জানানো হয়েছে, রাজধানীর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ঈদুল আজহার প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। অন্যদিকে প্রতি বছরের মতো এবারও বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে ৫টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

এছাড়া রাজধানীর বিভিন্ন স্থানে মসজিদ ও ঈদগাহে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে।

ঈদের প্রধান জমাত সকাল সাড়ে ৭টায়
রাজধানীর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ঈদুল আজহার প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। এরই মধ্যে প্রধান জামাত আয়োজনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে। জাতীয় ঈদগাহে ২৫ হাজার ৪০০ বর্গমিটার আয়তনের মূল প্যান্ডেলে একসঙ্গে ৩৫ হাজার মুসল্লি ঈদের জামাত আদায় করতে পারবেন। আবহাওয়া প্রতিকূল হলে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টার পরিবর্তে সকাল ৮টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

বায়তুল মোকাররমে ৫ জামাত
বায়তুল মোকাররমে ঈদের জামাত সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা ও ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।

প্রথম জামাত হবে সকাল ৭টায়। এতে ইমাম থাকবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা বহেমানুল হক। মুকাব্বির থাকবেন বায়তুল মোকাররম মসজিদের খাদেম আব্দুল হাদী।

দ্বিতীয় জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। ইমাম থাকবেন বায়তুল মোকাররমের পেশ মাওলানা মুহীউদ্দিন কাসেম। মুকাব্বির থাকবেন বায়তুল মোকাররমের অবসরপ্রাপ্ত মুয়াজ্জিন হাফেজ ক্বারী মো. আতাউর রহমান।

৯টার তৃতীয় জামাতের ইমাম হবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির মাওলানা আবু সালেহ পাটোয়ারী। বায়তুল মোকাররমের চিফ খাদেম মো. শহিদ উল্লাহ এ জামাতের মুকাব্বির থাকবেন।

চতুর্থ জামাত হবে সকাল ১০টায়। এতে ইমাম থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মাওলানা মো. আনিসুজ্জামান সিকদার। মুকাব্বির থাকবেন বায়তুল মোকাররম মসজিদের খাদেম হাফেজ মো. রুহুল আমিন।

পঞ্চম ও সর্বশেষ জামাত হবে সকাল ১০টা ৪৫ মিনিটে। এতে ইমাম থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ। মুকাব্বির হবেন খাদেম হাফেজ মো. জহিরুল ইসলাম।

পাঁচটি জামাতে কোনো ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন ইসলামিক ফাউন্ডেশনে উপ-পরিচালক মাওলানা জাকির হোসেন।

 

Related Articles

Leave a Reply

Back to top button