বাংলাদেশ

এবার ডা. সাবরিনার বিরুদ্ধে ইসির মামলা

জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা চৌধুরীর বিরুদ্ধে, মিথ্যা তথ্য দিয়ে দ্বৈত ভোটার হওয়া ও একাধিক জাতীয় পরিচয়পত্র নেয়ার অভিযোগে, মামলা করেছে নির্বাচন কমিশন-ইসি।

রাজধানীর বাড্ডা থানায়, গুলশান থানা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মমিন মিয়া বাদী হয়ে ডা. সাবরিনার বিরুদ্ধে এ মামলা দায়ের করেন।

তিনি গণমাধ্যমকে বলেছেন, ‘মিথ্যা তথ্য দিয়ে দ্বৈত ভোটার হয়ে এবং একাধিক জাতীয় পরিচয়পত্র নিয়ে আইন অনুযায়ী অপরাধ করেছেন সাবরিনা।
২০১০ সালের জাতীয় পরিচয় নিবন্ধন আইনের ১৪ ও ১৫ ধারায় এ মামলা দায়ের করা হয়েছে। ১৪ ধারায় মিথ্যা তথ্য দেয়ার অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ ১ বছরের কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ডের বিধান আছে। আর ১৫ ধারায় একাধিক জাতীয় পরিচয়পত্র নেয়ার অভিযোগ প্রমাণিত হলে একই শাস্তি হতে পারে।

সম্প্রতি সাবরিনা চৌধুরী মিথ্যা তথ্য দিয়ে নিজের নামে দুটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিয়েছেন বলে তথ্যের সত্যতা পায় দুর্নীতি দমন কমিশন (দুদক)। এরইমধ্যে তার দুটি এনআইডিই অকার্যকর (ব্লক) করে দিয়েছে ইসি।

জানা গেছে, ডা. সাবরিনা নিজের নামে দুটি জাতীয় পরিচয়পত্র তৈরি করে মোহাম্মদপুর ও গুলশান নির্বাচন থানার অন্তর্গত এলাকায় দুইবার ভোটার হয়েছেন। ডা. সাবরিনা একটিতে ভোটার হন সাবরিনা শারমিন হোসেন নাম দিয়ে। জন্ম তারিখ ১৯৭৮ সালের ২ ডিসেম্বর। অন্যটিতে ১৯৮৩ সালের ২ ডিসেম্বর। দুটি আইডিতে বয়সের ফারাক ৫ বছর। একটিতে স্বামীর নাম হিসেবে ব্যবহার করেছেন আর. এইচ. হক। আর দ্বিতীয়টিতে স্বামীর নাম লেখা হয়েছে আরিফুল চৌধুরী। একটিতে বাবার নাম সৈয়দ মুশাররফ হোসেন ও মায়ের নাম কিশোয়ার জেসমীন, অপরটিতে মা-বাবার নাম পরিবর্তন করে সৈয়দ মুশাররফ হোসেন ও জেসমিন হুসেন দিয়েছেন।

ডা. সাবরিনা এখন নভেল করোনা করোনা ভাইরাসের রিপোর্ট জালিয়াতির বহুল আলোচিত মামলায় গ্রেফতার হয়ে কারাগারে আছেন।

Related Articles

Leave a Reply

Back to top button