বাংলাদেশ

লঘুচাপের কারণে দেশজুড়ে দফায় দফায় বৃষ্টি, সাগরে ৩ নম্বর সংকেত

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে সারা দেশে দফায় দফায় দমকা হাওয়াসহ বৃষ্টিপাত হচ্ছে। ফলে কয়েক দিনের টানা কাট ফাঁটানো গরমের পর, কমে আসবে দিন ও রাতের তাপমাত্রা।

শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন উড়িষ্যা-গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি একই এলাকায় সুস্পষ্ট লঘুচাপ হিসেবে অবস্থান করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে এবং বায়ুচাপ পার্থক্যের আধিক্য বিরাজ করছে।

এতে বলা হয়, খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়; রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় এবং রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।সারাদেশে দিনের তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে।
এদিকে সাগরে লঘুচাপ সৃষ্টি হওয়ায় দেশের সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সেসঙ্গে উত্তর বঙ্গোপসাগরে থাকা নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি চলাচলের পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

Related Articles

Leave a Reply

Back to top button