রোজিনা মুক্ত না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা সাংবাদিকদের

প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা ও গ্রেফতারের ঘটনায় সাংবাদিকদের আন্দোলোন অব্যাহত রয়েছে। রোজিনা ইসলামের মুক্তি না হওয়া পর্যন্ত তাদের আন্দোলোন চলবে বলে জানিয়েছেন সাংবাদিকরা।
বুধবার (১৯ মে) সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) প্রাঙ্গণে সাংবাদিক রোজিনা ইসলামকে নির্যাতন ও গ্রেফতারের ঘটনায় ডিআরইউ’র প্রতিবাদ সমাবেশে এসব দাবি জানান সাংবাদিকরা। তারা হেনস্তাকারীদের উপযুক্ত শাস্তি দাবি করে রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা দিয়েছেন সাংবাদিকরা।

অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রথম আলোর সহযোগী সম্পাদক এবং কিশোর আলোর সম্পাদক আনিসুল হক বলেন, সারাদেশের সাংবাদিকরা এক হয়েছেন। তারা এই মামলা প্রত্যাহার চান। যারা রোজিনাকে হেনস্তা করেছে তাদের শাস্তি চান। এই মামলার মেরিট নেই। আমরা আজকে এই মামলার প্রত্যাহার চাই।

ডিআরইউ সভাপতি মোরসালিন নোমানি বলেন, রোজিনাকাণ্ডে স্বাস্থ্যমন্ত্রী অরুচিকর বক্তব্য দিয়েছেন। আমরা এই বক্তব্য প্রত্যাহার চাই। আমরা আরও দেখেছি- স্বাস্থ্য মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি করেছে। এটা হাস্যকর। যারা রোজিনার ওপর হামলা করেছে তারাই আবার তদন্ত করবে, আমরা এটা মানি না। এই তদন্ত কমিটি আমরা প্রত্যাখ্যান করছি। সাংবাদিক রোজিনা ইসলামের হত্যাচেষ্টায় তার পরিবার, তার কর্মস্থল না করলেও ডিআরইউ হত্যাচেষ্টা মামলা করবে।

নিউজ নাউ বাংলার এডিটর শামিমা দোলা বলেন, ‘আজ একটি বিষয় পরিস্কার, রোজিনা কিছু দূর্নিতিবাজদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করেছিলেন। তাই রোজিনা ওপর তাদের এই আক্রোশ। এই আক্রোশ থেকেই রোজিনাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।কিন্তু বঙ্গবন্ধুর এই সোনার বাংলায় কোনো দূর্নিতিবাজদের ঠাঁই হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার কোনো কর্মীর অন্যায়কে ছাঁড় দেন নি। সেখানে কোনো আমলা সাংবাদিকদের হেনস্তা করবেন, মামলা দিবেন, সেটি আমরা হতে দিবো না। আমাদের আন্দোলোন চলবে। ’

সমাবেশে একাত্বতা প্রকাশ করে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম, ল’ রিপোর্টার্স ফোরাম, ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনসহ কর্মরত সাংবাদিকদের একাধিক সংগঠন অংশ নেয়।



