মাহমুদউল্লাহ’র নামাজ আদায়ের দৃশ্য ভাইরাল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) খেলায় বিরতির ফাঁকে নামাজ আদায় করেন দলের অধিনায়ক মাহমুদউল্লাহ। সেই দৃ্শ্যটি ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
শনিবার রাতে মিরপুর শেরেবাংলায় টসে হেরে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ঢাকার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তাদের ইনিংসের নবম ওভার শেষে দেওয়া হয় আড়াই মিনিটের প্রথাগত স্ট্র্যাটেজিক টাইমআউট।
চট্টগ্রামের দুই ব্যাটার আর ঢাকার সব ফিল্ডার যখন পানি পান করে নিজেদের সতেজ করার মাধ্যমে বাকি অংশের পরিকল্পনা সাজিয়ে নিচ্ছিলেন, তখন সুযোগ বুঝে উইকেটের পাশেই নামাজে দাঁড়িয়ে যান মাহমুদউল্লাহ। বুটজোড়া খুলে মাথার ক্যাপ উল্টে নিয়ে ফরজ তিন রাকআত নামাজ আদায় করেন।
যদিও মাহমুদউল্লাহর নামাজ ওই টাইমআউটের জন্য নির্ধারিত আড়াই মিনিটে শেষ হয়নি। তখন তার নামাজ শেষের জন্য অপেক্ষা করা হয়। অবশ্য বেশি সময় নেননি মাহমুদউল্লাহ। আরও ৩০ সেকেন্ড অপেক্ষা করতে হয় সবাইকে।
তবে তার নামাজ আদায়ের দৃশ্য ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে সাড়া ফেলেছে।



