Leadবাংলাদেশ

মার্চে সড়ক-মহাসড়কে ৫৩২ প্রাণহানি

রোড সেফটি ফাউন্ডেশনের প্রতিবেদন: ফেব্রুয়ারির চেয়ে গড়ে প্রাণহানি বেড়েছে ১১ দশমিক ২৮ শতাংশ >> সবচেয়ে বেশি দুর্ঘটনা ঢাকা বিভাগে, সবচেয়ে কম সিলেটে

মার্চ মাসে সারাদেশে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৫৩২ জন। আহত হয়েছেন অন্তত ২ হাজার ২২১ জন। নিহতদের মধ্যে ৯৮ জন শিশু ও ৬৬ জন নারী। সড়ক দুর্ঘটনা নিয়ে কাজ করা রোড সেফটি ফাউন্ডেশনের শনিবার (১১ এপ্রিল) জানিয়েছে এ তথ্য।

এতে বলা হয়, মার্চ মাসে দেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৫৭৬টি। এরমধ্যে ২১৯টি সাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ২০৪ জন। এ সংখ্যা মোট নিহতের ৩৮ দশমিক ৩৪ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনার হার ৩৮ দশমিক ২ শতাংশ। এই সময়ে ১৪টি নৌ-দুর্ঘটনায় ১২ জন নিহত ও আহত হয়েছেন ২৭ জন। এ ছাড়া নিখোঁজ রয়েছেন ৩ জন।

সংস্থাটির পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা গেছে, গত ফেব্রুয়ারি মাসে সড়ক দুর্ঘটনায় প্রতিদিন গড়ে নিহত হয়েছিলেন ১৫ দশমিক ৪২ জন। এই সংখ্যা বেড়ে মার্চ মাসে দাঁড়িয়েছে ১৭ দশমিক ১৬ জনে। এ মাসের সড়ক দুর্ঘটনায় প্রাণহানি বেড়েছে ১১ দশমিক ২৮ শতাংশ।

অতিরিক্ত গতির কারণে যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে ঘটেছে অধিকাংশ দুর্ঘটনা। এই গতি নিয়ন্ত্রণে দরকার প্রযুক্তির মাধ্যমে নজরদারি এবং চালকদের মোটিভেশনাল প্রশিক্ষণ, এমনটা জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন।

বিভাগের হিসাবে দুর্ঘটনা ও প্রাণহানির সংখ্যা ঢাকায় সবচেয়ে বেশি। এখানে ১২৬টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৩৭ জন। সর্বনিম্ন সিলেট বিভাগে ২৭ দুর্ঘটনায় প্রাণ গেছে ২৬ জনের। এ ছাড়া রাজধানী শহরে ৪৬ দুর্ঘটনায় ২৮ জন নিহত ও আহত হয়েছেন ৬৯ জন।

সড়ক দুর্ঘটনার বেশ কিছু কারণ উল্লেখ করেছে রোড সেফটি ফাউন্ডেশন। এর মধ্যে রয়েছে— ত্রুটিপূর্ণ যানবাহন, ত্রুটিপূর্ণ সড়ক, বেপরোয়া গতি, চালকদের বেপরোয়া মানসিকতা, অদক্ষতা ও শারীরিক-মানসিক অসুস্থতা, বেতন-কর্মঘণ্টা নির্দিষ্ট না থাকা, মহাসড়কে স্বল্পগতির যানবাহন চলাচল, তরুণ ও যুবকদের বেপরোয়া মোটরসাইকেল চালানো, জনসাধারণের মধ্যে ট্রাফিক আইন না মানা।

সংস্থাটির যানবাহনভিত্তিক দুর্ঘটনার পরিসংখ্যান বলছে, সবচেয়ে বেশি ২০৪ জন নিহত হয়েছেন মোটরসাইকেল চালক ও আরোহী। তারা মোট নিহতের ৩৮.৩৪%।

এ ছাড়া বাসের যাত্রী ৪৫ জন, ট্রাক-পিকআপ-ট্রাক্টর আরোহী ২৮ জন, প্রাইভেটকার-মাইক্রোবাস আরোহী ৪৬ জন, থ্রি-হুইলার যাত্রী (ইজিবাইক-সিএনজি-অটোরিকশা-অটোভ্যান-লেগুনা) ৯৪ জন, স্থানীয়ভাবে তৈরি যানবাহনের যাত্রী (নসিমন-পাখিভ্যান-ভটভটি-টমটম-মাহিন্দ্র) ২৩ জন এবং বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন ১৩ জন।

রোড সেফটি ফাউন্ডেশনের পর্যবেক্ষণ ও বিশ্লেষণ বলছে, দুর্ঘটনাগুলোর মধ্যে ১৭১টি হয়েছে জাতীয় মহাসড়কে, আঞ্চলিক সড়কে ২৬৪টি, গ্রামীণ সড়কে ৭০টি, এবং ৬২টি দুর্ঘটনা ঘটেছে শহরের সড়কে।

নিউজ নাউ বাংলা/ এফওয়াই/ জেডআরসি/ ১১ এপ্রিল ২০২৬

Related Articles

Leave a Reply

Back to top button