মামলা দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না: ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মিথ্যা মামলা ও হুলিয়া দিয়ে কোনও গণতান্ত্রিক আন্দোলন বন্ধ করা যাবে না।
বুধবার (১৩ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, তারেক রহমান সাহেবকে একটি মামলায় পুরোপুরি নির্দোষ প্রমাণিত হওয়ায় খালাস দেয়া হয়েছিল। পরবর্তীতে সেই মামলাকে হাইকোর্ট দিয়ে আবার সাজানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি ।
দেশে কোনও আইনের শাসন নেই মন্তব্য করে তিনি বলেন, ‘এই সরকার চুরি এবং লুটপাট করে এদেশে একটি ডাকাতের শাসন ব্যবস্থা কায়েম করেছে। এই যে কোভিড-১৯ এতো বড় একটি ভয়াবহ মহামারি, এই মহামারিতেও তারা লুটপাট বন্ধ করেননি।’
বিএনপির এই শীর্ষ নেতা বলেন, ‘আজকে তারেক রহমানের বিরুদ্ধে যে মিথ্যা মামলা দেয়া হয়েছে ও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে তা নতুন কোনও ঘটনা নয়। গত ১২ বছর যাবৎ তারেক রহমানকে রাজনীতি থেকে সরিয়ে দেয়ার জন্য, এমনকি দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ সকল গণতান্ত্রিককামী মানুষদের রাজনীতি থেকে দূরে রাখার জন্য গভীর ষড়যন্ত্র চালাচ্ছে। সেই চক্রান্তের ধারাবাহিকতায় বেগম জিয়া কারাবন্দি হয়ে আছেন, তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা ও বহু হুলিয়া জারি করে তাকে নির্বাসিত করে রাখা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি ।
তিনি বলেন, ‘এই সরকার গণবিরোধী সরকার উল্লেখ করে, আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করতে হবে।



