মহাকাশে যেতে ২৩৮ কোটি টাকার নিলাম জয়

দশ মিনিটের জন্য মহাকাশ যেতে ২৮ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৩৮ কোটি টাকা) খরচ করেছেন এক ব্যক্তি। অ্যামাজন প্রধান জেফ বেজোসের সঙ্গে সফরসঙ্গী হতে এই অর্থের নিলাম জিতেছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি।
বেজোসের প্রতিষ্ঠান ব্লু অরিজিন কোম্পানি শনিবার এই নিলামের আয়োজন করে। এক টুইট বার্তায় কোম্পানিটি জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে নিলামে বিজয়ী এই ব্যক্তির নাম প্রকাশ করা হবে। [সূত্র : বিবিসি]
১৪০টির বেশি দেশ থেকে আগ্রহীরা এই নিলাম প্রক্রিয়ায় অংশ নেন। এই মহাকাশযানের অন্য যাত্রীরা হলেন, বেজোসের ছোট ভাই মার্ক বেজোস এবং নাম প্রকাশ না করা একজন মহাকাশ পর্যটক।
প্রায় একমাস ধরে চলা নিলাম প্রক্রিয়ায় এর আগে সবচেয়ে বেশি দর উঠেছিল পাঁচ মিলিয়ন ডলারের নিচে। কিন্তু শনিবারের নিলামে সেই দর পাঁচ গুণের বেশি হয়ে যায়।
এই নিলামে পাওয়া অর্থ ব্লু অরিজিনের ফাউন্ডেশন @clubforFuture-কে দেয়া হবে বলে একটি টুইটার বার্তায় জানানো হয়েছে।
তবে জেফ বেজোস একাই নন, রিচার্ড ব্রানসন নামের আরেক আমেরিকান মহাকাশে যাওয়ার পরিকল্পনা করছেন। ভার্জিন ভিএসএস ইউনিটি নামের একটি মহাকাশযানে করে তিনি ৮ জুলাই পরীক্ষামূলক উড্ডয়ন করতে পারেন।
সূত্র : বিবিসি



