ভয়াবহ বন্যায় জার্মানিতে নিহতের সংখ্যা বেড়ে ১৩৩, নিখোঁজ অনেকে

জার্মানিতে বন্যায় এ পর্যন্ত জার্মানিতে ১৩৩ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এখনও নিখোঁজ রয়েছেন অনেকেই।
শনিবার দেশটির পুলিশের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
উদ্ধারকর্মীরা পশ্চিম জার্মানির বন্যা বিধ্বস্ত এলাকায় উদ্ধার অভিযান পরিচালনা করছে। গত কয়েকদিনে দেশটির শহরগুলোতে ঘরবাড়ি পানিতে ডুবে গেছে। এছাড়া বহু ঘরবাড়ি ভেঙে পড়ছে।
কর্তৃপক্ষ বলছে, শুক্রবার বাঁধ ভেঙে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ায় ৭শর বেশি বাসিন্দাকে ওয়াসেনবার্গ এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।
গেল কয়েকদিনের বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত নর্থ রাইন-ওয়েস্টফেলিয়া ও রাইনল্যান্ড-পালাটিনেট।
এদিকে, বেলজিয়াম এবং নেদারল্যান্ডসেও বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। সেখানে ২০ জনের মৃত্যু হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন জার্মানির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ভাল্টার স্টেইনমিয়ার।



