ওমিক্রনের বিষয়ে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন সম্পর্কে সতর্ক থাকতে মন্ত্রিপরিষদের সবাইকে বিশেষ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (১৩ ডিসেম্বর) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে এমন নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বৈঠকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে সভাপতিত্ব করেন।
বৈঠক শেষে এ বিষয়ে সাংবাদিকদের জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, দেশে গত শনিবার (১১ ডিসেম্বর) দুই জনের করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে। দেশে যে দু’জনের ওমিক্রন শনাক্ত হয়েছে, তাদের খুবই সতর্কতার সঙ্গে রাখা হয়েছে।
তিনি আরো জানান, ওমিক্রনের চিকিৎসার প্রোটোকল সাউথ আফ্রিকা থেকে নিয়েছি। তারা বলেছে, এটা দ্রুতই ছড়ায়। এটার এফেক্ট ডেল্টার চেয়ে বেশি না। সুতরাং এতো ভয়ের কিছু নেই। তবে ছড়ানোর রেট বেশি।
এ সময় দেশে শিগগিরই বুস্টার ডোজ দেওয়া শুরু করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। তিনি বলেন, কীভাবে, কবে এবং কাদের বুস্টার ডোজ দেওয়া হবে এবং তা বিনামূল্যে নাকি অর্থের বিনিময়ে দেওয়া হবে- তা নির্ধারণে কাজ করতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।



