বাংলাদেশ

বুড়িগঙ্গায় লঞ্চডুবি: এমভি ময়ূরের মালিকসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

অর্ধশতাধিক যাত্রী নিয়ে বুড়িগঙ্গা নদীতে লঞ্চডুবির ঘটনায় এমভি ময়ূর-২ লঞ্চের মালিকসহ সাত জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (৩০ জুন) রাতে নৌপুলিশ সদরঘাট থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ শামসুল বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় এই মামলা দায়ের করেন। মামলায় অবহেলাজনিত হত্যার অভিযোগ আনা হয়েছে।

ঢাকা জেলার পুলিশ সুপার মারুফ হোসেন সরদার বিষয়টি নিশ্চিত করে জানান, নৌ পুলিশের পক্ষ থেকে মামলাটি দায়ের করা হয়েছে। মামলার তদন্তও করবে নৌ-পুলিশ।

মামলার আসামিরা হলো– এমভি ময়ূর- ২-এর মালিক মোসাদ্দেক হানিফ ছোয়াদ (৩৩), মাস্টার আবুল বাশার মোল্লা (৬৫), জাকির হোসেন (৩৯), ইঞ্জিন চালক শিপন হাওলাদার (৪৫), চালক শাকিল হোসেন (২৮), সুকানি নাসির মৃধা (৪০) ও সুকানি হৃদয় (২৪)।

নৌ-পুলিশের ঢাকা জোনের পুলিশ সুপার খন্দকার ফরিদুল ইসলাম বলেন, ‘নৌ-পুলিশের জুরিডিকশনে ঘটনা ঘটায় মামলার তদন্ত করবে নৌ-পুলিশ। ইতোমধ্যে আসামিদের গ্রেফতারের জন্য তাদের বাড়িতে বাড়িতে অভিযান চালানো হয়েছে। কিন্তু ঘটনার পর থেকেই তারা পলাতক রয়েছে। তথ্য-প্রযুক্তির সহায়তা নিয়ে তাদের অবস্থান শনাক্তের চেষ্টা চলছে বলে জানান তিনি।

Related Articles

Leave a Reply

Back to top button