বিনা কারণে বের হলেই গ্রেফতার: ডিএমপি কমিশনার

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম বলেছেন, আগামীকাল ১ জুলাই থেকে রাজধানীতে জরুরি প্রয়োজন ছাড়া বের হলে গ্রেফতার করা হবে।
বুধবার (৩০ জুন) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা জানান ডিএমপি কমিশনার।
এ সময় তিনি বলেন, নির্দেশনা বাস্তবায়নে মাঠ পর্যায়ে অত্যন্ত কঠোর অবস্থানে থাকবে আইন-শৃঙ্খলা বাহিনী। বিধি-নিষেধ অমান্যকারীদের বিরুদ্ধে দন্ডবিধির ২৬৯ ধারা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরো বলেন, দৈনন্দিন নিত্যপ্রয়োজনীয় বাজার ও কাচাঁবাজার খোলা থাকবে। কাচাঁবাজার উন্মুক্ত স্থানে সরিয়ে আনা হবে। নিকটতম কাচাঁবাজারে প্রয়োজনে রিকশা ব্যবহার করে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে কেনাকাটা করতে পারবেন।
জানান, আন্তর্জাতিক ফ্লাইট চালু থাকবে এবং বিদেশগামী যাত্রীরা তাদের আন্তর্জাতিক ভ্রমণের টিকেট ও পাসপোর্ট প্রদর্শন করে গাড়ি ব্যবহার করে যাতায়াত করতে পারবেন।
নাগরিকদের উদ্দেশ্যে তিনি বলেন, পুলিশ যতটা কঠোর হবে আপনারা ততটা নিরাপদ থাকবেন।
ডিএমপি কমিশনার জানান, সকল ধরণের ক্লাব বন্ধ থাকবে। অলি-গলিতে থাকা সকল দোকান বন্ধ থাকবে। এছাড়া জনসমাবেশ হয় এ ধরনের সামাজিক ও রাজনৈতিক অনুষ্ঠান বন্ধ থাকবে।



