বিএনপি পল্টনে বসে সরকারের বিদায় ঘণ্টা বাজায়: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি নয়াপল্টন অফিসে বসে প্রতিদিনই সরকারের বিদায় ঘণ্টা বাজাচ্ছে। তাদের ঘণ্টা বাজানোতে জনগণ সাড়া দেয়নি।
তিনি বলেন, জনগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আছে, আওয়ামী লীগের সঙ্গে আছে। আগামীতেও বিপুল ভোটে জয়লাভ করে শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন হবে।
রবিবার (২০ মার্চ) পঞ্চগড় জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে যোগ দিতে সেখানে পৌঁছালে দুপুরে সার্কিট হাউজ চত্বরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, ‘২০০৯ সালে আমরা সরকার গঠন করার কয়েক মাস পর থেকেই আন্দোলনের নামে বিএনপি বলে আসছে- এই সরকারের দিন ঘনিয়ে এসেছে। রিজভী সাহেব বলেছেন, সরকারের বিদায় ঘন্টা বেজে গেছে। তারা যতই এসব বলে আসছে, জনগণ আমাদের পক্ষ নিয়েছে।’
তথ্যমন্ত্রী বলেন, ‘জনগণের রায় নিয়ে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা পরপর তিনবার রাষ্ট্র পরিচালনা করছেন। জনগণ জননেত্রী শেখ হাসিনার সাথে আছে, আওয়ামী লীগের সাথে আছে। ইনশাআল্লাহ আগামী নির্বাচনেও বিপুল ভোটে জয় লাভ করে আওয়ামী লীগ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করবে।’
মন্ত্রী আরও বলেন, ‘বিএনপি’র ক্রমাগত অপপ্রচার সত্ত্বেও জাতিসংঘের সুখী দেশের সূচকে বাংলাদেশ আগের চেয়ে ৭ ধাপ এগিয়ে গেছে। ভারত, পাকিস্তান এখন বাংলাদেশের পেছনে। এই করোনার মধ্যেও বাংলাদেশে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পেয়েছে। বিএনপি যেসব কথা বলছে, জাতিসংঘের এই রিপোর্টের পরে তাদের লজ্জা হওয়া উচিত।’



