ইমরুল-জিয়ার ব্যাটে শেষ বলে জয় শহীদ জুয়েল একাদশের

খুব সিনিয়র বলতে জিয়াউর রহমান, ইমরুল কায়েস আর নাইম ইসলাম। এছাড়া আরাফাত সানি, নাসির হোসেন, সৌম্য সরকার, কামরুল ইসলাম রাব্বির মত প্রতিষ্ঠিত ক্রিকেটারও খেলেছেন।
সঙ্গে নাইম শেখ, মুনিম শাহরিয়ার, তানজিদ তামিম, শাহাদাত হোসেন দিপু, আকবর আলী, আমিনুল ইসলাম বিপ্লব, মৃত্যুঞ্জয় চৌধুরী, আশিক উজ জামান, রিপন মন্ডল আর রিশাদ হোসেনের মত সম্ভাবনাময় তরুণরাও অংশ নিয়েছেন এবারের বিজয় দিবস ক্রিকেটে।
কিন্তু পারফরম্যান্সের বিচারে বিশেষ করে ব্যাটিংয়ের ক্ষেত্রে একমাত্র বিশ্বকাপজয়ী যুব দলের অধিনায়ক আকবর আলী ছাড়া বর্তমান প্রজন্মর আর কেউ সুবিধা করতে পারেননি।
দুই সিনিয়র ও অভিজ্ঞ ইমরুল কায়েস এবং জিয়াউর রহমান জিয়া ঠিক ব্যাট হাতে জ্বলে উঠেছেন। এই দুই অভিজ্ঞ ও পরিণত পারফরমারের উইলোর দৃঢ়তায় বিজয় দিবস ক্রিকেটে ৪ উইকেটের জয় পেয়েছে শহীদ জুয়েল একাদশ।
অবশ্য জয়ের ভীতটা বোলারদের রচে দেওয়া। দুই পেসার কামরুল ইমলাম রাব্বি, মৃত্যুঞ্জয় চৌধুরী আর বাঁহাতি স্পিনার আরাফাত সানির সাঁড়াশি বোলিংয়ে মাত্র ১২৩ রানে অলআউট হয়ে যায় শহীদ মোশতাক একাদশ।
সর্বাধিক ৩৫ (২৮ বলে ) রান আসে আকবর আলীর ব্যাট থেকে। তানজিদ তামিম, শাহাদাত দিপু, সৌম্য সরকার, মোহাম্মদ সাইফউদ্দিন আর জাকের আলী নায়েক কিছুই করতে পারেননি।
অভিজ্ঞ ইমরুল ৪৮ বলে ৫৮ রানের দায়িত্বপূর্ণ ইনিংস উপহার দিয়ে বিপর্যয় কাটান। আর মারকুটে মিডলঅর্ডার জিয়া ২১ বলে ৩৬ রানের হার না মানা ইনিংস খেলে শেষ বলে দলকে জিতিয়ে সাজঘরে ফেরেন।
শহীদ মোশতাক একাদশে আছেন ১৯.৪ ওভারে ১২৩/১০ (সৈকত আলী ১৩, তানজিদ তামিম ১৪, শাহাদাত দিপু ২, সৌম্য সরকার ৯, আকবর আলী ৩৫, সাইফউদ্দিন ১৩, জাকের আলী ১, ফজলে রাব্বি ০, বিপ্লব ৩, নাইম হাসান ৪, আশিক উজ জামান ৮; অতিরিক্ত ৮, কামরুল ইসলাম রাব্বি ৩/২২ , আরাফাত সানি ৩/২০ , মৃত্যুঞ্জয় চৌধুরী ৩/২২, নাসির হোসেন ১/২৪)
শহীদ জুয়েল একাদশে আছেন ২০ ওভারে ১২৭/৬ (মুনিম শাহরিয়ার ১, নাইম শেখ ০, ইমরুল কায়েস ৫৮, মিঠুন ৫, নাসির ৯ , নাইম ইসলাম ৪, জিয়া ৩৬ অপরাজিত, রিশাদ ৭ অপরাজিত; অতিরিক্ত ৭, সাইফউদ্দিন ১/২৮, আশিক উজ জামান ১/১৬, রিপন মন্ডল ১/৩০, সৌম্য ১/১৫, সানজামুল ১/২১ ও নাইম হাসান ১/১০)



