বিশ্ব

সাইকেল থেকে পড়ে গেলেন বাইডেন, দুঃখপ্রকাশ করেছেন ট্রাম্প

সাইকেল থেকে পড়ে গেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় শনিবার (১৮ জুন) সকালে ডেলাওয়্যার অঙ্গরাজ্যে রেহোবোথ সৈকতে বাইডেনের বাড়ির কাছে এই ঘটনা ঘটেছে। গার্ডিয়ানের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

খবরে বলা হয়েছে,  সেখানে ফার্স্ট লেডি জিল বাইডেন ও জো বাইডেন তাদের ৪৫তম বিবাহ বার্ষিকী পালন করছেন। এদিন দুইজনে সাইকেল রাইডে ছিলেন।

টি-শার্ট, শর্টস আর হেলমেট পরে সহকর্মীদের সাথে নিয়ে সাইকেল রাইডে বেরিয়েছিলেন বাইডেন। বেশ ফুরফুরে মেজাজে দেখা যায় মার্কিন প্রেসিডেন্টকে। পুরো রাস্তা ভালোই সাইকেল চালিয়ে শেষ সময় হয় বিপত্তি। রাইড শেষে অপেক্ষারত সমর্থক ও গণমাধ্যমকর্মীদের মাঝে পৌঁছে সাইকেলসহ কুপোকাত হলেন প্রেসিডেন্ট। তবে খুব একটা আঘাত লাগেনি বলে জানিয়েছেন নিজেই।

মূলত নামতে গিয়ে প্যাডেলের সাথে বেধে পড়ে যান তিনি। সাথে সাথেই উঠে দাঁড়াতে সহায়তা করেন সিক্রেট সার্ভিসের সদস্যরা। সহজেই সামলেও নেন। এরপর স্থানীয়দের সাথে মেতে ওঠেন খোশগল্পে। হোয়াইট হাউজ জানিয়েছে, কোনো চিকিৎসা সেবা নেয়ার প্রয়োজন হয়নি বাইডেনের। আরেক দফা সাইকেল চালিয়েই ফিরে যান ভবনে।

এদিকে জো বাইডেনের পড়ে যাওয়ার খবরে দুঃখপ্রকাশ করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যান্য সময় বাইডেনকে ‘দুর্বল’ আখ্যা দিয়ে ঠাট্টা করলেও এবার জানিয়েছেন শুভ কামনা। বলেন, আশা করছি বাইডেন ভালো আছেন। বেশ জোরেশোরেই পড়েছেন তিনি। খুবই ভয়ঙ্কর ছিল। তার সুস্থতা কামনা করছি।

এরই মধ্যে বাইডেনের সাইকেল থেকে পড়ে যাওয়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে ট্রোল। বিভিন্ন ধরনের মিম বের করে আবারও তাকে নিয়ে চলছে হাসাহাসি।

Related Articles

Leave a Reply

Back to top button