খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত করলেন মির্জা ফখরুল

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার রাত ৮টার দিকে রাজধানীর গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় তার সঙ্গে দেখা করেন মির্জা ফখরুল । এসময় প্রায় এক ঘণ্টা কথোপকথন হয় দুজনের মধ্যে। বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
সাক্ষাতে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন মির্জা ফখরুল। পাশাপাশি দলের কার্যক্রম সম্পর্কেও বেগম খালেদা জিয়াকে অবহিত করেন বিএনপি মহাসচিব।
জানা গেছে, খালেদা জিয়ার শারীরিক অবস্থা কয়েকদিন ধরে ভালো নয়।
তার শরীরের তাপমাত্রা বেশি। চিকিৎসকরা তাকে হাসপাতালে যাওয়ার পরামর্শ দিয়েছেন। আগামী কয়েকদিনের মধ্যে চেকআপের জন্য খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হতে পারে।
এর আগে ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন মির্জা ফখরুল।



