আজ দেশের বৃহত্তম বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করতে পায়রা যাচ্ছেন প্রধানমন্ত্রী

আজ দেশের বৃহৎ তাপবিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সে উদ্দেশ্যে সোমবার (২১ মার্চ) পটুয়াখালীর কলাপাড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা। প্রধানমন্ত্রী আজ সকাল ১১টা ১৫ মিনিটে দেশের বৃহৎ তাপবিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করবেন। ওই কেন্দ্র উদ্বোধনের পরপরই সারাদেশে শতভাগ বিদ্যুতায়নের ঘোষণাও দেবেন তিনি। পায়রায় এক হাজার ৩২০ মেগাওয়াট সক্ষমতার এই বিদ্যুৎকেন্দ্র থেকে বর্তমানে ৬৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। বাকি বিদ্যুৎ সঞ্চালন লাইন নির্মাণ করার পর তা গ্রিড লাইনে সরবরাহ করা হবে। কয়লাভিত্তিক এই কেন্দ্রে প্রথমবারের মতো ব্যবহৃত হয়েছে আল্ট্রা-সুপার ক্রিটিক্যাল প্রযুক্তি।
উদ্বোধন অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর জ্বালানিবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরী, বিদ্যুৎ বিভাগের সচিব মো. হাবিবুর রহমান ও বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং।



