ফেব্রুয়ারিতেই খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান, জুনে-জুলাইতে এসএসসি ও এইচএসসি

করোনা ভাইরাসের জন্য দীর্ঘ সময় থেকে বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে ফেব্রুয়ারিতে, এমনটাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সেসঙ্গে তিনি জানান, ২০২১ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা জুনে এবং এইচএসসি ও সমমান পরীক্ষা জুলাই-আগস্টে নেয়ার সর্বাত্মক চেষ্টা করছে সরকার।’
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।
ডা. দীপু মনি বলেন, ‘শুধু বাংলাদেশেই নয়, মহামারি করোনা পরিস্থিতির কারণে সারা বিশ্বেই পাবলিক পরীক্ষা বাতিল করে বিকল্প ব্যবস্থায় পরীক্ষার্থীদের মূল্যায়ন করা হয়েছে।’
শিক্ষামন্ত্রী জানান, ‘আসছে বছরের এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য সীমিত আকারে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নেয়া হয়েছে।’
তিনি বলেন, ‘এর মাধ্যমে ক্লাসরুমে বসিয়ে শিক্ষার্থীদের অসমাপ্ত সিলেবাস শেষ করে একটি প্রস্তুতিমূলক পরীক্ষা নেয়া হবে। তার মধ্যে এ দুই স্তরের পরীক্ষার্থীদের পাবলিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রস্তুত করা হবে।’
পূর্বনির্ধারিত এ সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব যুক্ত ছিলেন।



