ফাহিম সালেহ বাংলাদেশের একজন মেধাবী উদ্যোক্তা

বাংলাদেশী উদ্যোক্তাদের মধ্যে একজন সফল ব্যক্তি ফাহিম সালেহ। মাত্র ৩৩ বছর বয়স তার। আরো অনেক সম্ভাবনা ছিলো এই তরুণের।
কিন্তু সাফল্যে চূড়ায় পৌঁছানোর আগেই ফাহিম সালেহ নামের এই তরুণ নৃশংসভাবে খুন হলেন নিউইয়র্কের ম্যানহাটনে, নিজের অ্যাপার্টমেন্টে। পুলিশের ধারণা, ভাড়াটে প্রফেশনাল কিলারের কাজ এটা। ব্যবসায়ীক বা লেনদেন সংক্রান্ত কোন কারণে খুন হতে পারেন ফাহিম, এমনটাই ধারণা করছে নিউইয়র্কের পুলিশ। তবে সঠিক তথ্য এখন পর্যন্ত নিশ্চিত করে বের করতে পারেনি তারা।
ফাহিমের মৃত্যুর আগে খুব বেশি মানুষ তাকে চিনতোনা বা তার নামও হয়তো শুনেনি কেউ কেউ।

পাঠাওয়ের সহ-প্রতিষ্ঠাতা তিনি, পরে নিজের অংশের শেয়ার বিক্রি করে পৃষ্ঠপোষক পদে ছিলেন। জোবাইক, যাত্রী-সহ আরও কিছু দারুণ প্রোজেক্টে তিনি ছিলেন বিনিয়োগকারী। এর বাইরে নাইজেরিয়াতে গোকাডা (Gokada) এবং কলাম্বিয়াতে পিকঅ্যাপ (Picap) নামে আরও দুটি রাইড শেয়ারিং কোম্পানি শুরু করেছিলেন, ভালো মুনাফাও অর্জন করেছিলেন সেখান থেকে।
ফাহিমের বাবা এবং মা দুজনেই ছিলেন বাংলাদেশী। বাবা সালেহ উদ্দিনের জন্ম ও বেড়ে ওঠা চট্টগ্রামে, আর মা নোয়াখালীর মানুষ। ফাহিমের জন্ম হয়েছিল সৌদি আরবে, বাবা সালেহ উদ্দিন তখন সেখানে কর্মরত ছিলেন। ফাহিমের জন্মের পরে তাদের পরিবার আমেরিকা চলে গিয়েছিল, ফাহিমের শৈশব-কৈশোরের সবটাই তাই আমেরিকাতেই কেটেছে। তিনি পড়াশোনা করেছেন ইনফরমেশন সিস্টেম নিয়ে, আমেরিকার বেন্টলি বিশ্ববিদ্যালয়ে।
স্কুল জীবন থেকেই প্রযুক্তির প্রতি ফাহিমের ছিলো সীমাহীন আগ্রহ। মাত্র ১৬ বছর বয়সে তিনি টিনেজারদের জন্য সোশ্যাল নেটওয়ার্ক বানিয়েছিলেন, নাম টিন-হ্যাংআউট ডটকম। শুরুর দুই বছরের মাথায় বছরে বাংলাদেশী মুদ্রায় প্রায় দেড় কোটি টাকা আয় হয় এই সাইট থেকে। আঠারো বছর বয়সেই কোটিপতি হয়ে গিয়েছিলেন ফাহিম! এরও আগে উইজ টিন নামের একটা ওয়েবসাইট তৈরি করে সাড়া ফেলে দিয়েছিলেন স্কুলে, বেশ ভালো অংকের টাকা আয় হয়েছিল তখনও।

পাঠাওয়ের তিনজন প্রতিষ্ঠাতার একজন ফাহিম সালেহ, তবে যুক্তরাষ্ট্রে থাকায় খুব বেশি মানুষের কাছে তিনি পরিচিত ছিলেন না। ২০১৪ সালে দেশে এসেছিলেন ফাহিম। ওই সময়ে যুক্ত হন রাইড শেয়ারিং কোম্পানি পাঠাওয়ের সঙ্গে। ২০১৫ সালে যখন বাইক রাইড শেয়ারিং নিয়ে কারো তেমন কোন ধারণাই ছিল না, তখন মাত্র ১০০টি বাইক নিয়ে যাত্রা শুরু করেছিল পাঠাও। সেই পাঠাও এখন বাংলাদেশের সবচেয়ে বড় রাইড শেয়ারিং কোম্পানী, প্রায় ১ লক্ষ রাইডার কাজ করেন পাঠাওয়ে, প্রায় চার হাজার কোটি টাকা এই কোম্পানি মূল্যমান, কয়েক’শ কোটি ইনভেস্টমেন্ট। সবচেয়ে বড় কথা হচ্ছে, পাঠাওয়ের আগমনের কারণে অজস্র মানুষ অর্থনৈতিকভাবে উপকৃত হয়েছে। বেকার যুবকরা রাউড শেয়ারিংয়ে নাম লিখিয়েছে, মোটর সাইকেলের বিক্রি বেড়েছে প্রায় দ্বিগুণ।
পাঠাওয়ের সাফল্যের পর ফাহিম নাইজেরিয়াতে গোকাডা এবং কলাম্বিয়াতে পিকঅ্যাপ নামে আরও দুটি রাইড শেয়ারিং কোম্পানি শুরু করেন। সেখান থেকেও ভালো পরিমাণের রেভিনিউ অর্জন করতে সক্ষম হয়েছেন তিনি। আফ্রিকার বড়সড় বাজারটাকে ধরার প্ল্যান ছিল ফাহিমের, সেই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছিলেন তিনি। নাইজেরিয়ায় চালু করা গোকাডা সেদেশের সবচেয়ে জনপ্রিয় রাইড শেয়ারিং এ্যাপ ছিল। ফাহিমের স্বপ্ন ছিল রাইড শেয়ারিং অ্যাপসকে ভিন্নমাত্রার উচ্চতায় নিয়ে যাওয়া।

কিন্ত আভ্যন্তরীন কিছু চাপের কারণে নাইজেরিয়া সরকার ফাহিমের গোকাডা রাইড সার্ভিসটি বন্ধ করে দিয়েছিল। তখন ফাহিম সেটিকে পার্সেল সার্ভিসে পরিণত করেন। তবে বন্ধ হবার আগে এক বছরে গোকাডা থেকে ফাহিমের আয় হয়েছিল ৫৩ লক্ষ ডলারেরও বেশি! ফাহিমের মৃত্যুর সঙ্গে এই ব্যাপারটার একটা সংযোগ থাকতে পারে বলে মনে করছেন অনেকে। নাইজেরিয়ার লাগোস শহরের মাফিয়ারা ফাহিমের এই ব্যবসাটাকে ভালো চোখে দেখছিল না, সরকারের ওপর চাপ দিয়ে তারাই গোকাডা’র রাইড সার্ভিস বন্ধ করে দিয়েছে বলে ফাহিম মনে করতেন। বাবার সঙ্গে কথাবার্তায় তিনি একবার বলেছিলেন, ‘নাইজেরিয়ানদের ব্যবহার খুব খারাপ, আর তাদের সাথে ব্যবসা করাটাও কঠিন।’

প্রবাসী বাংলাদেশীদের মধ্যে ফাহিমের পরিচয় ছিল ‘বাংলাদেশী ইলন মাস্ক’ নামে। উদ্যোক্তা হিসেবে তিনি সাহসী ছিলেন, ঝুঁকি নিতে ভয় পেতেন না কখনও। তাই তো নাইজেরিয়া থেকে নেপাল বা কলম্বিয়া- ছুটে গেছেন সব জায়গায়। নতুন কোন উদ্যোগ তার পছন্দ হলে সেটার পাশে দাঁড়াতেন সাধ্যমতো, বাংলাদেশেই যেমন জোবাইক এবং যাত্রীতে বিনিয়োগ করেছেন তিনি।

যে ফ্ল্যাটটা বছরখানেক আগেই আড়াই মিলিয়ন ডলার দামে কিনেছিলেন তিনি, যেখানে বসে নিজের সৃজনশীল আইডিয়াগুলো নিয়ে ভাবতেন ফাহিম। সেখানেই তার ছিন্ন ভিন্ন দেহ খুঁজে পাওয়া যায়। বাংলাদেশ হারিয়েছে একজন প্রতিভাবান মেধাবী উদ্যোক্তাকে। ( তথ্য সংগৃহিত)



