
করোনা ভাইরাসের কারণে কাতারে আটকাপড়া আরও ৪০৯ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। তাদের মধ্যে শ্রমিক ও পর্যটন ভিসায় যাওয়া বাংলাদেশিরা রয়েছেন।
বৃহস্পতিবার (১১ জুন) সকালে দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের (ডি৭৭৭-৩০০ বোয়িং) বিশেষ ফ্লাইটটি স্বাস্থ্যবিধি মেনে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
গতকাল বুধবার সন্ধ্যায় ফ্লাইটি ঢাকায় পৌঁছুনোর কথা থাকলেও বিশেষ কারণে সেটির উড্ডয়ন বিলম্ব হয়।
গেল বুধবার (৩ জুন) কাতার থেকে বিশেষ ফ্লাইটে বাংলাদেশে প্রত্যাবর্তনের জন্য কাতারস্থ বাংলাদেশ দূতাবাস একটি জরুরি নোটিশ আহ্বান করেন।
ওইসময় অনলাইনের মাধ্যমে সর্বমোট ৪১৯ জন বাংলাদেশি দেশে ফেরার আবেদন করেন। তাদের মধ্যে ৪১৪ জন দেশে ফেরার জন্য বিমান বাংলাদেশের এয়ারলাইন্সের টিকিট সংগ্রহ করেন। কিন্তু আজ দেশে ফিরছেন ৪০৯ জন।
এদিকে দেশে ফেরত বাংলাদেশিরা কাতার থেকে ফ্রি করোনা ভাইরাসমুক্ত প্রত্যয়নপত্র নিয়ে এসেছেন। তবে সতর্কতা অবলম্বনে এই ৪০৯ যাত্রীকেই হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে।
এর আগে পর্যটন ভিসায় কাতার গিয়ে করোনা সংক্রমণের কারণে আটকা পড়া বাংলাদেশিদের মধ্যে গত ২৪ মে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ১৬ জনকে দেশে ফেরানো হয়েছিল।



