বাংলাদেশ

প্রান্তিক জনগোষ্ঠীর জন্য, ন্যাশনাল আই কেয়ার কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

৭০ উপজেলার ৫ কোটি প্রান্তিক জনগোষ্ঠীর জন্য, ব্যয়বহুল চোখের চিকিত্সা সেবা সহজলভ্য করতে শুরু হয়েছে সরকারের ন্যাশনাল আই কেয়ার কার্যক্রম।

বৃহস্পতিবার (১১ মার্চ) সকালে গণভবন থেকে ভার্চুয়ালি ৭০টি উপজেলায় কমিউনিটি ভিশন সেন্টারের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী দেশে প্রতিবছর চোখে ছানিজনিত সমস্যায় আক্রান্ত হন প্রায় আড়াইলাখ মানুষ। আর এই সমস্যা সমাধানের সরকারের ন্যাশনাল আই কেয়ার কার্যক্রমের মাধ্যমে ২০১৫ থেকে এখন পর্যন্ত বিনামূল্যে প্রায় আড়াই লাখ মানুষের চোখের ছানি অপসারণ করা হয়েছে।

এসময় সরকারপ্রধান বলেন, ‘অন্ধজনে আলো দেয়ার চেয়ে বড় কাজ হতে পারে না। অন্ধত্ব মানুষের জীবনকে অর্থহীন করে দেয়। এই চিকিত্সার ফলে তারা সুস্থ হবেন। দেখতে পাবেন। জীবনটা তাদের অর্থবহ হবে। মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আমরা সেবাটা দিচ্ছি। পর্যায়ক্রমে প্রত্যেক উপজেলায় এই ‘কমিউনিটি ভিশন সেন্টার’ করে দেয়া হবে।’

ভিডিও কনফারেন্সে এক উপকারভোগীর সঙ্গে কথা বলতে চান প্রধানমন্ত্রী। তখন পীরগঞ্জের ওই নারী বলেন, ‘আমার স্বামী এখান থেকে অপারেশন করে কালো চশমা পেয়ে অনেক সুস্থ আছেন।’

তখন প্রধানমন্ত্রী ওই নারীকে জিজ্ঞেস করেন- ‘আপনি আর কিছু বলবেন?’ জবাবে ওই নারী বলেন, ‘চক্ষু চিকিৎসায় আমাদের এখানে আরও অনেক সুযোগ-সুবিধা দেয়ার জন্য অনুরোধ করছি।’

প্রধানমন্ত্রী ওই নারীর কথাগুলো মনোযোগ সহকারে শোনার পর শেষে বলেন, ‘হ্যাঁ, নিশ্চয়ই এগুলো করে দিচ্ছি, সব করে দেবো।’

পরে তিনি হাসতে হাসতে বলেন, ‘আরে শ্বশুরবাড়ি বলে কথা, একটু বেশি কথা তো শুনতেই হবে।’ এসময় করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে পীরগঞ্জে যাবেন বলেও জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ‘জন্মান্ধতা দূর করার জন্য প্রসূতি মাকে চিকিত্সা দেয়া শুরু করেছি। প্রসবের আগে ইনজেকশন দিয়ে দেয়া হয়। যার কারণে এখন সেটার ভালো রেজাল্ট পাচ্ছি। জন্মান্ধতা কমে গেছে। এছাড়াও ভিটামিন ই’সহ নানা টিকা দিয়ে রোগ প্রতিরোধের ব্যবস্থা করছি। যক্ষ্মাসহ নানা রোগের চিকিত্সার ব্যবস্থা করছি।’

শেখ হাসিনা বলেন, ‘১৫ আগস্টের হত্যাকাণ্ডের পর স্বাধীনতাবিরোধী, খুনি ও লুটপাটকারীরা ক্ষমতায় আসে। যারা এদেশের স্বাধীনতা চায়নি, তারা দেশের মানুষের জন্য কাজ করবে এটা আশা করা যায় না।

তিনি বলেন, ‘বাংলাদেশ এখন ডিজিটাল। মুজিববর্ষে কেউ সেবাবঞ্চিত হবে না। কেউ গৃহহীন থাকবে না। আমরা সারা দেশে ঘর করে দিচ্ছি। নদীভাঙন কবলিতদের ঘরে দেয়ার জন্য আলাদাভাবে বাজেটে ১০০ কোটি টাকা রেখেছি।’

 

Related Articles

Leave a Reply

Back to top button