বাংলাদেশ

প্রধানমন্ত্রীর উপহার পাচ্ছে ৩৬ লাখ পরিবার, উদ্বোধন রোববার

অতি দরিদ্র, কর্মহীন, দিনমজুর, রিকশা ও ভ্যানচালক, পরিবহন শ্রমিক এবং কৃষকসহ ক্ষতিগ্রস্ত স্বল্প আয়ের ৩৬ লাখ ৫০ হাজার পরিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে পাবে ২ হাজার ৫০০ টাকা।

আগামীকাল রোববার (২ মে) এ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ভোলা, জয়পুরহাট এবং চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে রোববার এ কার্যক্রম উদ্বোধন হবে বলে প্রধানমন্ত্রী কার্যালয় সূত্রে জানা গেছে।

জানা গেছে, এর মধ্য দিয়ে সারা দেশে করোনা মহামারির দ্বিতীয় ধাক্কায় ক্ষতিগ্রস্তদের কষ্ট লাঘবে বিভিন্ন শ্রেণি-পেশার ৩৬ লাখ ৫০ হাজার অসহায় মানুষকে জীবন ও জীবিকার জন্য আড়াই হাজার টাকা করে নগদ সহায়তা দেওয়া হবে। এজন্য ইতোমধ্যে প্রায় ১ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার।

এ বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) সচিব তোফাজ্জল হোসেন মিয়া গণমাধ্যমকে বলেন, দ্বিতীয় ঢেউয়ে লকডাউন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী মানবিক সহায়তার কার্যক্রম শুরু করা হয়েছে। অস্থায়ী কর্মহীন, স্বল্প আয়ের, নিঃস্ব ও ক্ষতিগ্রস্ত মানুষসহ সারা দেশের বিভিন্ন গোষ্ঠী এই সহায়তা পাচ্ছেন।

নগদ, বিকাশ, রকেট এবং শিওরক্যাশের মতো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এর মাধ্যমে জিটুপি (গর্ভনমেন্ট টু পার্সন) ভিত্তিতে ২ হাজার ৫০০ টাকা পাবে প্রত্যেক পরিবার।

Related Articles

Leave a Reply

Back to top button